চিনের ছুটির মরসুমে তরুণদের নয়া ঝোঁক, কেনাকাটা ছেড়ে রকমারি খেলার অভিজ্ঞতা

চেংদু :চিনের সাম্প্রতিক জাতীয় ছুটির দিনগুলোতে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে সময় কাটানোর এক নতুন ঝোঁক দেখা যাচ্ছে। নিছক খাওয়াদাওয়া, কেনাকাটা বা দর্শনীয় স্থান ঘোরার চিরচরিত ছক ছেড়ে তাঁরা এখন বেছে নিচ্ছেন অ্যাডভেঞ্চার এবং দলবদ্ধ শরীরচর্চার রোমাঞ্চকে। চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে চালানো সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, অন্তত ১৮ শতাংশ উত্তরদাতা তাঁদের ছুটির দিনে শিক্ষানবিশদের উপযোগী নতুন খেলা শিখতে বেশি আগ্রহী।

বিশেষত, রক ক্লাইম্বিং বা কৃত্রিম পাহাড়ে চড়া এবং আন্ডারওয়াটার ডাইভিংয়ের মতো খেলাগুলো তরুণদের অন্যতম পছন্দের তালিকায় উঠে এসেছে। চেংদুর একটি ক্লাইম্বিং সেন্টারের প্রশিক্ষক গাও চেনফেই জানাচ্ছেন, প্রাথমিক কোর্সের পরই শিক্ষানবিশরা নিরাপদে বেশ কয়েকটি ধাপ পেরোতে পারছেন। চূড়ায় পৌঁছনোর পর তাঁদের আত্মবিশ্বাসের পারদও চড়ছে। এক তরুণ ক্লাইম্বার জানান, এই খেলা তাঁদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করার পাশাপাশি সমমনস্ক নতুন বন্ধু তৈরিতেও সাহায্য করছে।

অন্য দিকে, ডাইভিংয়ের প্রতিও তরুণদের ঝোঁক বাড়ছে। এক ডাইভিং ক্লাবের ম্যানেজার জি সং জানান, তাঁদের ছুটির দিনের কোর্সগুলো এক সপ্তাহ আগেই ভর্তি হয়ে গিয়েছিল। তিন-চার দিনের প্রশিক্ষণ শেষে অনেকেই স্বাধীনভাবে জলের নিচে ১০ মিটার পর্যন্ত যাওয়ার শংসাপত্র পেয়ে যান। জলের নিচের রঙিন দুনিয়া এবং সামুদ্রিক জীবনের প্রতি তরুণদের এই আসক্তি শুধু তাঁদের শরীরচর্চাতেই আবদ্ধ নেই, বরং ছুটির অবসরে বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ এবং অন্বেষণের এক নতুন সামাজিক সংযোগের মাধ্যম হয়ে উঠেছে।

Leave a Comment

আরও পড়ুন