কোরাপুট: ভারতীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা শিল্পে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর ওড়িশার কোরাপুট বিভাগ। মঙ্গলবার এই কারখানা থেকে ২,০০০তম বিমান ইঞ্জিন সরবরাহের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। একই সঙ্গে দেশীয় যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য প্রায় ২১৮ কোটি টাকা ব্যয়ে তৈরি শক্তি ইঞ্জিনের দ্বিতীয় উৎপাদন লাইনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই উৎপাদন পরিকাঠামো ভারতীয় সশস্ত্র বাহিনীর দেশীয় হেলিকপ্টারগুলির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বড় ভূমিকা নেবে। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব উন্নত হালকা হেলিকপ্টার (এএলএইচ) এবং প্রচণ্ড হালকা যুদ্ধ হেলিকপ্টারের ইঞ্জিনের জোগানকে আরও নিরবচ্ছিন্ন ও গতিশীল করবে এই অতিরিক্ত উৎপাদন ব্যবস্থা।
প্রায় ছয় দশক ধরে ভারতীয় সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি এবং দেশের উড়োজাহাজ নির্মাণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে হ্যালের কোরাপুট বিভাগ। এই বিভাগ থেকে ২০০০তম ইঞ্জিন সরবরাহের সাফল্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশকে সম্পূর্ণ আত্মনির্ভর করার সরকারি লক্ষ্যেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে জটিল বৈমানিক ইঞ্জিন তৈরিতে দেশীয় প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি ভারতের সার্বিক প্রতিরক্ষা আধুনিকীকরণের একটি অত্যন্ত জরুরি অংশ।
প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি মঙ্গলবার কোরাপুটের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, প্রতিরক্ষা উৎপাদন সচিব সঞ্জীব কুমার এবং হ্যালের চেয়ারম্যান তথা ব্যবস্থাপনা পরিচালক রবি কে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।









