শেয়ারবাজার নয়, বাজিতেই ভরসা! স্পোর্টস বেটিংয়ে সঞ্চয় খোয়াচ্ছেন জেন-জি তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক:

শেয়ার বা মিউচুয়াল ফান্ডের মতো প্রচলিত সঞ্চয় বা বিনিয়োগের পথ ছেড়ে অনলাইন স্পোর্টস বেটিংকেই বিকল্প ‘বিনিয়োগ কৌশল’ হিসেবে বেছে নিচ্ছেন নতুন প্রজন্মের তরুণরা। তবে লাভের আশায় টাকা ঢাললেও শেষ পর্যন্ত ফিরছে না আসল মূলধনের সমান অর্থও। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক আর্থিক সমীক্ষায় জেনারেশন-জি (জেন-জি)-র আর্থিক অভ্যাসের এমনই উদ্বেগজনক ছবি প্রকাশ্যে এসেছে।

ব্যাঙ্ক অব আমেরিকা (বিওএফএ) ইনস্টিটিউটের সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, প্রতি পাঁচ জন আমেরিকানদের মধ্যে এক জন স্পোর্টস বেটিংকে খাঁটি বিনিয়োগ হিসেবে দেখেন। জেন-জি বা তরুণ প্রজন্মের ক্ষেত্রে এই অনুপাত প্রায় দ্বিগুণ— প্রতি পাঁচ জনের মধ্যে দুই জনই খেলাধুলোয় বাজি ধরাকে বিনিয়োগের মাধ্যম বলে মনে করছেন।

রিটেল বিনিয়োগকারীদের ওপর চালানো অন্য একটি সমীক্ষা (বেটারমেন্ট) জানাচ্ছে, গত এক বছরে প্রায় ৫২ শতাংশ জেন-জি বিনিয়োগকারী সঞ্চয়ের জন্য রাখা অর্থ সরাসরি স্পোর্টস বেটিংয়ে স্থানান্তর করেছেন। এমনকি তাঁদের মধ্যে ২৬ শতাংশের দাবি, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার অঙ্গ হিসেবেই তাঁরা সচেতনভাবে বেটিংয়ে টাকা রাখছেন।

আদতে মিলছে কত?

পরিসংখ্যান বলছে, বেটিংকে বিনিয়োগ মনে করা কার্যত একপাক্ষিক ক্ষতির শামিল। বেটিং প্ল্যাটফর্মগুলির নিজস্ব কমিশন বা ‘ভিগ’ (vig)-এর কারণে ধারাবাহিক মুনাফা করা প্রায় অসম্ভব। ব্যাঙ্ক অব আমেরিকার ডেটা অনুযায়ী, চলতি বছরে বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠানো প্রতি ১ ডলারের বিপরীতে গড়ে ৭৫ সেন্টের কম ফেরত পেয়েছেন গ্রাহকরা। জেন-জি ব্যবহারকারীরা তুলনামূলকভাবে কিছুটা এগিয়ে থাকলেও তাঁদের প্রাপ্তি ডলার প্রতি ৮০ সেন্টের বেশি নয়— যা মূলধন ভাঙিয়ে ক্ষতিরই সমান।

বিশ্বকাপ ও অন্যান্য বড় ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্ল্যাটফর্মগুলিতে বেটিংয়ের প্রবণতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডিজিটাল মাধ্যমে মোট বাজি ধরার প্রায় ৪৮ শতাংশই এককভাবে নিয়ন্ত্রণ করছেন জেন-জি তরুণরা।

ঋণ ও আর্থিক ভবিষ্যতের চাপ

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত আধুনিক বেটিং অ্যাপ এবং প্রেডিকশন মার্কেটের বাড়বাড়ন্ত তরুণদের মধ্যে এই বিভ্রান্তি তৈরি করছে যে তারা প্রযুক্তি খাটিয়ে এই বাজার জিততে পারবে। কিন্তু বাস্তব পরিস্থিতি উল্টো। ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অব নিউ ইয়র্কের এক গবেষণায় দেখা গিয়েছে, বেটিং আইনি বৈধতা পাওয়ার পর ৪০ বছরের কম বয়সিদের মধ্যে ক্রেডিট কার্ডের বকেয়া মেটাতে ব্যর্থ হওয়ার হার প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে, নিয়মিত বেটিং করা পরিবারের সঞ্চিত জমার পরিমাণ সাধারণ পরিবারের তুলনায় প্রায় ৪১ শতাংশ কম।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি এবং আর্থিক অনিশ্চয়তার মুখে দ্রুত অর্থ উপার্জনের তাগিদেই অনেক তরুণ অতিরিক্ত ঝুঁকি নিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের হুঁশিয়ারি— শেয়ার কেনাবেচার প্ল্যাটফর্মের মতো ইন্টারফেস তৈরি করে বেটিং অ্যাপগুলি যেভাবে জুয়া ও বিনিয়োগের মধ্যকার সূক্ষ্ম সীমারেখা মুছে দিচ্ছে, তা তরুণ সমাজের দীর্ঘমেয়াদি আর্থিক ভিত্তিকে গভীর সংকটের মুখে ঠেলে দিতে পারে।

Leave a Comment

আরও পড়ুন