নয়াদিল্লি: শিশুদের ঘুমের মধ্যে অবচেতনভাবে বিছানায় প্রস্রাব করার সমস্যা বা নিশাচর মূত্রত্যাগ নিয়ন্ত্রণে আয়ুর্বেদ ওষুধ এবং নিয়মিত যোগাসনের সমন্বিত রূপরেখা অভূতপূর্ব ফলাফল দেখাচ্ছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনস্থ জামনগরের জাতীয় গুরুত্বসম্পন্ন আয়ুর্বেদ শিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানের এক ক্লিনিক্যাল সমীক্ষায় এই আশাব্যঞ্জক তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আয়ুর্বেদ বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, শুধু ওষুধের তুলনায় আয়ুর্বেদ ভেষজের সঙ্গে নির্দিষ্ট যোগাসন অভ্যাস করালে শিশুদের এই সমস্যা প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়।
ছয় থেকে চৌদ্দ বছর বয়সি আটত্রিশ জন শিশুর ওপর আট সপ্তাহ ধরে এই চিকিৎসা গবেষণা পরিচালনা করে জামনগর প্রতিষ্ঠানের শিশু রোগ বিভাগ। অংশগ্রহণকারী শিশুদের দুটি দলে ভাগ করা হয়েছিল। প্রথম দলটিকে দিনে দু’বার দুধের সঙ্গে ব্রাহ্মী, শঙ্খপুষ্পী, যষ্টিমধু ও গুলঞ্চ সহযোগে তৈরি মেধ্য রসায়ন চূর্ণ খাওয়ানো হয়। দ্বিতীয় দলটিকে একই ওষুধের পাশাপাশি সকাল ও সন্ধ্যায় নিয়মিত চারটি নির্দিষ্ট আসন অভ্যাস করানো হয়— উৎকটাসন, অর্ধ-শলভাসন, ভুজঙ্গাসন এবং শবাসন।
আট সপ্তাহ পর দেখা যায়, শুধু ওষুধ সেবনকারী শিশুদের বিছানায় প্রস্রাব করার প্রবণতা ৩৮ শতাংশ কমেছে, সেখানে ওষুধ ও যোগাসন একসঙ্গে চর্চাকারী শিশুদের ক্ষেত্রে তা প্রায় ৭০ শতাংশ দূর হয়েছে। পাশাপাশি দ্বিতীয় দলের শিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়েছে প্রায় ৬১ শতাংশ, যেখানে শুধু ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে উন্নতির হার ছিল প্রায় ৩১ শতাংশ। এছাড়া নিয়মিত যোগাসনের কারণে শিশুদের অতিরিক্ত চঞ্চলতা প্রায় ৭১ শতাংশ এবং খিটখিটে ভাব প্রায় ৬৬ শতাংশ কমেছে। সঙ্গে মনোযোগ এবং মানসিক মনোবলেও লক্ষণীয় উন্নতি ধরা পড়েছে।
গবেষকদের মতে, মূত্রাশয় বা মূত্রথলির নিয়ন্ত্রণ ঘাটতির পাশাপাশি অনেক সময় মানসিক উদ্বেগ বা আচরণগত কারণেও শিশুরা এই সমস্যায় ভোগে। গবেষণায় অন্তর্ভুক্ত উৎকটাসন ও ভুজঙ্গাসনের মতো ব্যায়ামগুলি তলপেট ও পেলভিক পেশিকে শক্তিশালী করে মূত্রথলির ধারণক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে ব্রাহ্মী ও শঙ্খপুষ্পীর মতো ভেষজ উপাদান শিশুর মস্তিষ্ক শান্ত রেখে মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে অত্যন্ত উপযোগী ভূমিকা পালন করে। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির সঙ্গে উপযুক্ত দৈনন্দিন জীবনচর্চার সমন্বয়ে শিশুদের এই জটিল ও সংবেদনশীল শারীরিক সমস্যার সুরাহা সম্ভব বলেই আশাবাদী চিকিৎসা বিজ্ঞানীরা।









