কুনোয় ভারতীয় বংশোদ্ভূত চিতার পাঁচটি শাবক প্রসব, দেশে চিতার মোট সংখ্যা পৌঁছে গেল ষাটে

ভোপাল: ভারতে চিতা পুনর্বাসন প্রকল্পের অধীনে ফের এক বড় সাফল্য। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ভারতে জন্ম নেওয়া একটি স্ত্রী চিতা একসঙ্গে পাঁচটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তথ্য অনুযায়ী, নতুন এই পাঁচ সদস্যকে নিয়ে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০টিতে, যার মধ্যে এ দেশের মাটিতেই জন্ম হয়েছে ৪১টি চিতার।

কেজেপি-২১ হিসেবে চিহ্নিত ৩২ মাস বয়সি এই স্ত্রী চিতাটি ভারতে জন্ম নিয়ে মা হওয়া তৃতীয় চিতা। এর আগে ‘মুখী’ এবং ‘কেজিপি-১২’ নামের ভারতে জন্মানো দুটি স্ত্রী চিতা শাবকের জন্ম দিয়েছিল।

কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব সামাজিক মাধ্যমে এই আনন্দের খবর ভাগ করে নিয়ে জানান, ভারতে চিতার বংশবৃদ্ধির ধারায় নতুন প্রজন্মের বিকাশ এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করল। এই শাবকগুলির পিতা বোতসোয়ানা থেকে আসা একটি পুরুষ চিতা হওয়ায়, ভারতে এই প্রথম বোতসোয়ানার বংশগতির ধারা শুরু হলো। এটি ভারতে চিতার জিনগত বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে।

প্রকল্পের সঙ্গে যুক্ত পশুচিকিৎসক, বনকর্মী ও ক্ষেত্র আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কুনোয় একের পর এক শাবকের জন্ম ভারতে চিতার স্বাবলম্বী ও স্থায়ী বসতি গড়ে তোলার লক্ষ্যকে আরও সুদৃঢ় করল।

Leave a Comment

আরও পড়ুন