নয়াদিল্লি: ভারত ও চার দেশের ইউরোপীয় মুক্ত বাণিজ্য জোটের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারি চুক্তি কার্যকর হওয়ার এক বছর পূর্তিতে দ্বিপাক্ষিক আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে আয়োজিত এই শীর্ষ বৈঠকে বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি আদানপ্রদান, বিনিয়োগ এবং দক্ষ কর্মীদের আন্তর্জাতিক যাতায়াত সহজ করার মতো একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের এই তিন দিনের ভারত সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিকে আরও গভীর করার লক্ষ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
সফরের শুরুতে রাষ্ট্রপতি ভবনে সুইস প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সুইস প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী ক্যারোলিন পারমেলিন। এছাড়া এদিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন সুইস রাষ্ট্রপ্রধান। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী জানান, মুক্ত বাণিজ্য চুক্তির ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক অংশীদারি আরও সুদৃঢ় করতে সুইস প্রেসিডেন্টের ইতিবাচক মনোভাব অত্যন্ত প্রশংসনীয়।
চার সদস্যের এই বাণিজ্য জোটে সুইজারল্যান্ড ছাড়াও রয়েছে নরওয়ে, আইসল্যান্ড ও লিশটেনস্টাইন। ২০২৪ সালের মার্চ মাসে স্বাক্ষরিত হওয়ার পর গত বছরের ১ অক্টোবর থেকে এই বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছিল। জোটের দেশগুলির মধ্যে সুইজারল্যান্ডই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আগামী ৭ অক্টোবর ভারত-সুইস বিশেষ বাণিজ্য সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে সুইস প্রেসিডেন্টের।
প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে এসে পারমেলিন জানান, দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বিকাশ ও যৌথ ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এক মজবুত মাইলফলক হিসেবে কাজ করবে। সফরের কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি আয়োজিত বিশেষ নৈশভোজেও অংশ নেবেন তিনি।









