নয়াদিল্লি: আধার কার্ডে নাম সংশোধন এবং পরিবর্তনের ক্ষেত্রে নতুন কার্যকর নির্দেশিকা জারি করল ভারতীয় বিশিষ্ট পরিচয় কর্তৃপক্ষ। নামের বানানের সামান্য ভুল সংশোধন থেকে শুরু করে পদবি বদল, বিবাহ বা বিবাহবিচ্ছেদ পরবর্তী পরিবর্তন এবং সম্পূর্ণ নাম পরিবর্তনের প্রক্রিয়াকে আলাদা ভাগে ভাগ করে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২১ সালের পুরনো নিয়মকে বাতিল করে গত ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নির্দেশিকায় পুরো যাচাই প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে।
ছোটখাটো নাম সংশোধনের ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপের পূর্ণ রূপ লেখা, নামের ক্রম বিন্যাস ঠিক করা, নামের মাঝে বা শেষে বাড়তি অংশ যোগ বা বাদ দেওয়া এবং সমোচ্চারিত বানানের ছোট ভুল সংশোধনের মতো বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নামের বানানে অপ্রয়োজনীয় বড় হাতের অক্ষর সংশোধন বা আদ্যক্ষরের মধ্যবর্তী ডট চিহ্ন সরানোর মতো সাধারণ ভুল সংশোধনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে। এই ধরনের সংশোধনের জন্য নাগরিকদের নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা নথিভুক্তি কেন্দ্রে গিয়ে বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে।
বিবাহ বা বিবাহবিচ্ছেদের পর পদবি পরিবর্তনের জন্য নির্ধারিত হলফনামার সঙ্গে পরিচয়পত্রের নথি জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ থাকবে যে এই পরিবর্তন পরিচয় বদলের উদ্দেশ্যে নয়। এছাড়া লিঙ্গ পরিবর্তনের পর নাম বদল কিংবা জন্মের সময় নামহীন শিশুদের ক্ষেত্রে পরবর্তীতে নাম নথিভুক্তির জন্যও বিশেষ বিধির ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে আধার তথ্য এন্ট্রির সময় হওয়া ভুল সংশোধনের ক্ষেত্রেও নির্দিষ্ট বয়ানে হলফনামা ও সম্পর্ক বা পরিচয়পত্র প্রমাণ জমা নেওয়া হবে। যদি ইংরেজি নাম সঠিক থাকা সত্ত্বেও আঞ্চলিক ভাষায় বানানের ত্রুটি দেখা যায়, তবে তার জন্যও রয়েছে আলাদা সংশোধনী প্রক্রিয়া।
তবে সম্পূর্ণ নাম পরিবর্তন বা যেখানে সম্পূর্ণ পরিচয় বদলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটিকে বড় পরিবর্তন হিসেবে গণ্য করা হয়েছে। এই ধরনের বড় নাম পরিবর্তনের জন্য পরিচয়পত্রের নথির পাশাপাশি সরকারি গেজেট বিজ্ঞপ্তির প্রতিলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। এই যাবতীয় সেবা পাওয়ার জন্য আবেদনকারীকে আধার কেন্দ্রে গিয়ে প্রযোজ্য নথিপত্র পেশ, শারীরিক বায়োমেট্রিক যাচাই এবং সরকার নির্ধারিত ৭৫ টাকার ফি প্রদান করতে হবে। আবেদন জমা পড়ার পর প্রাপ্ত রসিদের নির্দিষ্ট নম্বর দিয়ে অনলাইনেই সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি নজরে রাখা যাবে।









