নয়াদিল্লি, ৬ অক্টোবর: দূরদূরান্তের গ্রামে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া একসময় স্বপ্নের মতো ছিল। সেই দূরত্ব ঘুচিয়ে এবার ৫০ কোটির মাইলফলক পেরিয়ে গেল ভারতের জাতীয় টেলিমেডিসিন পরিষেবা ‘ই-সঞ্জীবনী’। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যানে স্পষ্ট, এই ডিজিটাল বিপ্লবের সবচেয়ে বড় সুফল ভোগ করছেন দেশের মহিলারাই।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সফলভাবে পরিষেবা পৌঁছে দিয়ে এই প্ল্যাটফর্মটি ৫০ কোটির মাইলফলক পার করেছে। বর্তমানে প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন লাখ মানুষ বাড়ি বসেই চিকিৎসার পরামর্শ নিচ্ছেন। এমনকি একদিনে সর্বোচ্চ ৬ লক্ষ ৩০ হাজারের বেশি পরামর্শ দেওয়ার নজিরও গড়েছে এই সরকারি ব্যবস্থা।
ডিজিটাল স্বাস্থ্যের এই আঙিনায় নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। মোট ব্যবহারকারীর ৫৭ শতাংশেরও বেশি মহিলা। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের চিকিৎসাতেও এই ব্যবস্থা বড় ভূমিকা নিয়েছে। পরিষেবা গ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশের বয়স ৪৬ বছরের বেশি এবং ষাটোর্ধ্ব প্রবীণদের সংখ্যা ১৬ শতাংশের উপরে। দূরবর্তী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে সশরীরে পৌঁছানোর ঝক্কি সামলাতে না পারা মানুষগুলোর কাছে এই পরিষেবা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
প্রাথমিক চিকিৎসার গণ্ডি ছাড়িয়ে এবার বিশেষজ্ঞ স্তরের চিকিৎসাতেও নজর দিয়েছে এই ব্যবস্থা। যোধপুর, জম্মু ও পাটনার মতো গুরুত্বপূর্ণ এইমস হাসপাতালে নির্দিষ্ট কিছু বিভাগে সরাসরি রোগী-চিকিৎসক পরামর্শ পর্ব শুরু হয়েছে। খুব শীঘ্রই চণ্ডীগড়ের পিজিআইএমইআর এবং পুদুচেরির জিপমারের মতো প্রতিষ্ঠানেও এই সুবিধা ছড়িয়ে দেওয়ার রূপরেখা তৈরি হয়েছে। একই সঙ্গে আপৎকালীন পরিস্থিতির জন্য এটিকে ১১২ জরুরি সহায়তা নম্বরের সঙ্গেও যুক্ত করা হয়েছে।
কৃত্রিম মেধার ব্যবহারে চিকিৎসকদের সিদ্ধান্ত নেওয়ার কাজ সহজ করায় ইতিমধ্যেই জাতীয় ই-গভর্ন্যান্স স্বর্ণপদক ঝুলিতে পুরেছে এই প্ল্যাটফর্ম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সি-ড্যাকের তৈরি এই উদ্যোগের দৌলতে দূরপাল্লার পথ পেরিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের দরবারে পৌঁছানোর হয়রানি এখন অনেকটাই অতীত।









