বাংলার সংস্কৃতি ও মেলবন্ধনের পাঠ: রাজ্যপালের মুখোমুখি উত্তরাখণ্ডের প্রতিনিধি দল

কলকাতা, ১১ অক্টোবর: ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় ‘যুব সঙ্গম’ সপ্তম পর্যায়ের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে এসে রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের পাঠ নিচ্ছে উত্তরাখণ্ডের এক প্রতিনিধি দল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে দেশের যুবসমাজের মধ্যে জাতীয় সংহতি ও পারস্পরিক মেলবন্ধন দৃঢ় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সফরে উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয় নোডাল প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে এবং এ রাজ্যে তাদের আতিথ্য দিচ্ছে আইআইটি খড়্গপুর। গত ৭ অক্টোবর রাজ্যে পা রাখার পর থেকে উত্তরাখণ্ডের ছাত্রছাত্রী ও গবেষক প্রতিনিধিরা বাংলার সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং শিক্ষাঙ্গনের বৈচিত্র্য প্রত্যক্ষ করছেন।

সফরের অঙ্গ হিসেবে গত ৮ অক্টোবর রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় মিলিত হন প্রতিনিধি দলের সদস্যরা। শিক্ষা, সাংস্কৃতিক আদান-প্রদান এবং দেশের বিভিন্ন প্রান্তের যুবসমাজের মধ্যে আন্তরিক যোগাযোগ গড়ে তোলার গুরুত্ব নিয়ে রাজ্যপালের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা হয় তাঁদের। এই সাক্ষাৎকার উত্তরাখণ্ডের শিক্ষক ও শিক্ষার্থীদের বাংলার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করেছে।

সাংস্কৃতিক অনুসন্ধানের অংশ হিসেবে গত ৯ অক্টোবর কলকাতার হুগলি নদীর তীরে ঐতিহাসিক প্রিন্সেপ ঘাট এবং সুন্দরবন পরিদর্শন করেন উত্তরাখণ্ডের প্রতিনিধিরা। প্রিন্সেপ ঘাটের ঐতিহ্যবাহী পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য কলকাতার ঐতিহাসিক আবহের সঙ্গে তাঁদের পরিচিত করিয়েছে। ভৌগোলিক সীমানা পেরিয়ে দেশের ২০টি জোড়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বহুত্ববাদের বোধ এবং স্থায়ী বন্ধুত্বের বাতাবরণ গড়ে তুলতে যুব সঙ্গমের এই ক্ষেত্র সমীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Comment

আরও পড়ুন