নয়াদিল্লি: শরীরে আঁকা স্থায়ী ট্যাটু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিংবা লেজারের সাহায্যে তা তোলার দীর্ঘ ও ব্যয়বহুল যন্ত্রণা এবার অতীত হতে চলেছে। অতিবেগুনি রশ্মির সংস্পর্শে যা ফুটে উঠবে এবং সূর্যের আলোর নিচে এলেই পলকে অদৃশ্য হয়ে যাবে—এমনই এক আলো-সংবেদনশীল ট্যাটুর কালি উদ্ভাবন করলেন মার্কিন গবেষকরা। কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক কার্সন ব্রুনস এবং তাঁর সহযোগী বিজ্ঞানীদের তৈরি ‘ফোটোট্যাট’ নামের এই বিশেষ কালি ত্বকের রঙের রূপান্তর ঘটিয়ে ফ্যাশন থেকে চিকিৎসাক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
গবেষকদের দাবি, এই কালিতে নীল, ম্যাজেন্টা এবং হলুদ—এই তিনটি প্রাথমিক রঙ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফটোক্রোমিক রঞ্জক পদার্থ। এই বিশেষ যৌগগুলি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর সংস্পর্শে এলে নিজেদের আণবিক গঠন পরিবর্তন করে। পলিমার জাতীয় বিশেষ ন্যানোকণার মধ্যে এই রঞ্জকগুলি আবদ্ধ থাকায় ত্বকের কোনো ক্ষতি না করেই এরা আলোর প্রতি প্রতিক্রিয়াশীল থাকে। মাত্র ৩৬৫ ন্যানোমিটারের একটি অতিবেগুনি আলোর ছোঁয়ায় মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ট্যাটুটি উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। ঘরের সাধারণ আলোয় এটি কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্পষ্ট দেখা যায়, অথচ তীব্র রোদে বেরোলেই কয়েক সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায়। পরীক্ষায় দেখা গিয়েছে, ত্বকের ভেতরে রঞ্জকগুলি ১.৪ থেকে ২.২ বছর পর্যন্ত এই রঙ বদলানোর ক্ষমতা সক্রিয় রাখে।
তবে কেবল রূপচর্চা বা ফ্যাশনের নমনীয়তাই নয়, চিকিৎসাবিজ্ঞানে এই প্রযুক্তির ব্যবহার সুদূরপ্রসারী হতে চলেছে। ক্যান্সার রোগীদের রেডিয়েশন থেরাপির সময় রশ্মির সঠিক নিশানা ঠিক করতে বর্তমানে শরীরে স্থায়ী ট্যাটু দাগ দেওয়া হয়। এই নয়া প্রযুক্তির কালি ব্যবহার করলে চিকিৎসার সময় অতিবেগুনি আলো ফেলে দাগগুলি স্পষ্ট দেখা যাবে এবং চিকিৎসা শেষ হলে তা স্বাভাবিকভাবেই দৃষ্টির বাইরে চলে যাবে। অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের সাময়িক দাগ দেওয়ার কাজেও এটি সহায়ক হবে। পাশাপাশি পরিবেশের ক্ষতিকারক গামা রশ্মি বা অতিবেগুনি বিকিরণের মাত্রা মাপার স্মার্ট সেন্সর হিসেবেও এই কালি কাজ করতে সক্ষম। এখনও পর্যন্ত বেগুনি রঙের কালিটি বাণিজ্যিক পরীক্ষার পর বাজারে ছাড়া হয়েছে, তবে ছোট একটি শিশির দাম প্রায় ১০০ ডলার হওয়ায় এটি সাধারণের নাগালে আনতে এবং অন্যান্য রঙ বাজারে আনতে আরও গবেষণায় জোর দিচ্ছেন বিজ্ঞানীরা।









