নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার প্রধানের পদ থেকে অবসর নেওয়ার ঠিক মুখে রেস কোর্স বায়ুসেনা ঘাঁটির ক্রীড়া চত্বর সিল করার ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছিলেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংহ। প্রধানমন্ত্রীর বাসভবন লাগোয়া এই অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ঘাঁটির জমি যাতে বায়ুসেনার নিয়ন্ত্রণেই থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি।
সূত্রের খবর, গত ২৬ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রীকে একটি বিশদ চিঠি লেখেন তৎকালীন বায়ুসেনা প্রধান। এর তিন দিন পর, অর্থাৎ ২৯ অক্টোবর রাজনাথ সিংহের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেও বিষয়টি তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ওই ক্রীড়া চত্বরটি সিল করে দেওয়ায় প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়। এমনকী, গত ৩১ অক্টোবর এ পি সিংহের নির্ধারিত বিদায়ী গলফ অনুষ্ঠানও এই কারণে বাতিল করতে বাধ্য হয় বায়ুসেনা।
প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো চিঠিতে এ পি সিংহ ২০১৪ সালের একটি যৌথ সমীক্ষার উল্লেখ করেন, যা নগরোন্নয়ন মন্ত্রক, প্রতিরক্ষা এস্টেট বিভাগ এবং বায়ুসেনার যৌথ উদ্যোগে হয়েছিল। সেখানে প্রায় চল্লিশ একর জমির কৌশলগত প্রয়োজনীয়তা স্পষ্ট করা হয়েছিল। তাঁর যুক্তি, এই ক্রীড়া চত্বরটি কেবল খেলার মাঠ নয়, গোটা ঘাঁটির প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। দিল্লির এই অতি-গুরুত্বপূর্ণ এলাকায় আকাশপথে যে কোনও ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় এই ঘাঁটির কার্যকরী ভূমিকা রয়েছে।
কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের অধীনস্থ জমি ও উন্নয়ন কার্যালয় সম্প্রতি ওই ক্রীড়া চত্বর পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে উচ্ছেদের নোটিস ধরিয়ে জমি ফেরতের দাবি তোলে। ওই এলাকায় উচ্চমূল্যের একাধিক সরকারি জমি পুনরুদ্ধারে কেন্দ্রের যে তৎপরতা শুরু হয়েছে, তারই অঙ্গ হিসেবে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এর আগে অগস্ট মাসে লোককল্যাণ মার্গে অবস্থিত দিল্লি রেস ক্লাবের তিপ্পান্ন একর জমি এবং জয়পুর পোলো গ্রাউন্ডও সরকারি উন্নয়ন প্রকল্পের কারণ দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল কেন্দ্র। বায়ুসেনার পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রককে পুরো বিষয়টি জানিয়ে জমি দখলের এই প্রক্রিয়া অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।









