চেন্নাই ওপেনের কোয়ার্টার ফাইনালেই থামল মায়ার স্বপ্নের দৌড়, সানিয়ার পর নজির গড়ে নজর কাড়লেন ১৭ বছরের তরুণী

চেন্নাই, ৭ নভেম্বর: ডব্লিউটিএ ২৫০ চেন্নাই ওপেন টেনিস টুর্নামেন্টে ভারতের ওয়াইল্ডকার্ড প্রাপক মায়া রাজেশ্বরন রেবতীর স্বপ্নের অভিযান শেষ হল কোয়ার্টার ফাইনালেই। শুক্রবার শেষ আটের লড়াইয়ে আমেরিকার বাঁ-হাতি টেনিস তারকা রবিন মন্টগোমারির কাছে সরাসরি সেটে ৩-৬, ৩-৬ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সতেরো বছর বয়সি এই ভারতীয় তরুণী।

বিশ্ব ক্রমতালিকায় ৬৬৯ নম্বরে থাকা মায়া ম্যাচের শুরুতে দুর্দান্ত লড়াইয়ের ইঙ্গিত দেন। তবে বিশ্বের ১৫১ নম্বর তারকা মন্টগোমারি প্রাথমিক জড়তা কাটিয়ে দ্রুত নিজের ছন্দ খুঁজে নেন। প্রথম সেটে একটি সময়ে মায়া সার্ভিস ব্রেক করে এগিয়ে গেলেও মন্টগোমারি অভিজ্ঞতার জোরে দ্রুত ম্যাচে ফিরে আসেন। আমেরিকান খেলোয়াড়ের চাতুর্যপূর্ণ সার্ভিস এবং নিখুঁত রিটার্নের সামনে কিছুটা চাপে পড়ে যান তরুণ ভারতীয় খেলোয়াড়। ম্যাচে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন উইনার মারলেও পাঁচটি ডাবল ফল্ট করে বসেন মায়া, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল তাঁর বিরুদ্ধে নিয়ে যায়।

ম্যাচ হারলেও ঘরের কোর্টে একাধিক স্মরণীয় নজির গড়ে মাঠ ছাড়লেন মায়া। টুর্নামেন্টের আগের দুই রাউন্ডে বিশ্বের ১১৫ নম্বর কাতার্জিনা কাওয়া এবং ২৭৭ নম্বর ভেরোনিকা ফালকোভস্কার মতো উচ্চ র‍্যাঙ্কিংয়ের খেলোয়াড়দের পরাস্ত করেছিলেন তিনি। এর মাধ্যমেই কিংবদন্তি সানিয়া মির্জার পর প্রথম ভারতীয় মহিলা হিসেবে ডব্লিউটিএ ২৫০ পর্যায়ের টুর্নামেন্টের সিঙ্গেলস কোয়ার্টার ফাইনালে ওঠার অনন্য কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে ১৯৯০ সালে এই ফরম্যাট চালু হওয়ার পর সানিয়া ছাড়া একমাত্র ২০০৫ সালে কলকাতায় শিখা ওবেরয় শেষ আটে পৌঁছেছিলেন।

কোয়ার্টার ফাইনালে উঠেই বড়সড় লাফের মুখে মায়ার কেরিয়ার। সোমবার প্রকাশিত হতে চলা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে প্রায় ১৮০ ধাপ উপরে উঠে নিজের কেরিয়ারের সেরা স্থানে পৌঁছতে চলেছেন এই তরুণী। গত মাসেই লাগোসে আইটিএফ ডব্লিউ৩৫ খেতাব জিতে পেশাদার কেরিয়ারের প্রথম শিরোপা পেয়েছিলেন তিনি। স্পেনের রাফা নাদাল অ্যাকাডেমি থেকে ফ্রান্সের কান-এ এলিট টেনিস সেন্টারে অনুশীলনের পর থেকে তাঁর খেলায় চোখে পড়ার মতো উন্নতি দেখা যাচ্ছে।

পরাজয় সত্ত্বেও ভারতীয় তরুণীর প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন জয়ী আমেরিকান খেলোয়াড় মন্টগোমারি। ম্যাচ শেষে কোর্টেই তিনি জানান, ভারতের এই তরুণীর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং বিশ্ব টেনিসে বহু দূর যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে তাঁর।

Leave a Comment

আরও পড়ুন