প্রিন্স উইলিয়ামের শিকড় ভারতে? চর্চায় তাঁর মাতৃকুলের পূর্বসূরি মুম্বইয়ের এলিজা কেওয়ার্ক

নয়াদিল্লি, ১৯ নভেম্বর: তিন দিনের ভারত সফরে এসে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন এলিজাবেথ মিডলটন। তাঁদের সফরের অন্যতম গন্তব্য মুম্বই, আর এই শহরের সঙ্গেই জড়িয়ে রয়েছে প্রিন্স উইলিয়ামের বংশলতিকার এক কম পরিচিত অধ্যায়। নিজের ভারতীয় শিকড় নিয়ে প্রিন্স উইলিয়াম কখনো প্রকাশ্যে কথা না বললেও ‘দ্য টেলিগ্রাফ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, তাঁর মাতৃকুলের পূর্বসূরি এলিজা ‘বেটসি’ কেওয়ার্ক ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এবং মুম্বইয়ের বাসিন্দা।

প্রতিবেদনে জানানো হয়েছে, ১৭৯০ সালে এক আর্মেনীয় বাবা এবং ভারতীয় মায়ের ঘরে জন্ম হয়েছিল এলিজা কেওয়ার্কের। সম্পর্কে তিনি প্রিন্স উইলিয়ামের সাত প্রজন্ম আগের মাতামহী। এই পারিবারিক সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী থিওডোর ফোর্বসকে বিয়ে করেছিলেন এলিজা। অ্যাঙ্গাস ও ডগলাসের আর্লদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল ফোর্বসের।

১৮০৯ সালে কর্মক্ষেত্রে যোগ দিতে ভারতে আসেন থিওডোর ফোর্বস। এখানেই এলিজার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং একটি আর্মেনীয় গির্জায় তাঁদের বিয়ে হয়। এরপর ফোর্বসের পরবর্তী দায়িত্ব পড়ে ইয়েমেনে। তিনি এলিজাকে সঙ্গে নিয়ে সেখানে গেলেও পরে ফোর্বস একাই বম্বেতে (বর্তমান মুম্বই) ফিরে আসেন এবং এলিজা ইয়েমেনেই থেকে যান। সেখানেই তাঁদের কন্যা কিটির জন্ম হয়। এর দু-বছর পর এলিজা আলেকজান্ডার নামে এক পুত্রসন্তানের জন্ম দেন।

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, ফোর্বস তাঁর পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তৎকালীন শ্রেণিব্যবস্থার কারণে তাঁকে সেই পথে না হাঁটার পরামর্শ দেওয়া হয়। তিনি মেয়ে কিটিকে স্কটল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেন, তবে মেয়ের সঙ্গে দেখা করতে জাহাজে যাত্রা করার পথেই তাঁর মৃত্যু হয়। এরপর থেকে একাই জীবন কাটাতে হয়েছিল এলিজাকে।

পরবর্তীকালে কিটি বিয়ে করেন পশম ব্যবসায়ী জেমস ক্রম্বিকে। কিটির প্রপৌত্রী রুথের বিয়ে হয় আয়ারল্যান্ডের অভিজাত লর্ড ফার্ময় উপাধিধারী মরিস বার্ক রোশের সঙ্গে। তাঁদের কন্যা ফ্রান্সেস বিয়ে করেন জনি অ্যালথর্পকে, যিনি পরে আর্ল স্পেনসার হন। তাঁরই কন্যা প্রিন্সেস ডায়ানা, অর্থাৎ প্রিন্স উইলিয়ামের মা।

২০১৩ সালে এক ডিএনএ পরীক্ষায় ব্রিটেনের ভবিষ্যৎ রাজার সঙ্গে এলিজা কেওয়ার্কের এই বংশগত সম্পর্কের প্রমাণ মিলেছিল। সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্য অনুযায়ী, ‘ব্রিটেনস ডিএনএ’ নামে একটি জিনগত বংশপরিচয় পরীক্ষাকারী সংস্থা প্রিন্সেস ডায়ানার মাতৃকুলের দুই তুতো ভাইবোনের ডিএনএ নমুনা পরীক্ষা করে তা আন্তর্জাতিক তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখে। সংস্থাটি জানায়, কেবল মায়ের কাছ থেকে সন্তানের শরীরে সঞ্চারিত হওয়া মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রিন্সেস ডায়ানার মধ্যে উপস্থিত ছিল।

বর্তমানে প্রিন্স উইলিয়ামের এই ভারতীয় বংশপরিচয় প্রকাশ্যে স্বীকার করার দাবি উঠতে শুরু করেছে। শিক্ষাবিদ তথা শিল্পকলা সংরক্ষক সুসান হার্ভার্ড ‘দ্য টেলিগ্রাফ’-কে জানিয়েছেন, তাঁর মতে এখন সেই সময় এসেছে যখন প্রিন্স উইলিয়ামের বলা উচিত যে তিনি তাঁর ভারতীয় বংশপরিচয় নিয়ে গর্বিত।

Leave a Comment

আরও পড়ুন