সুনীপম মহাকুল: গোটা দুনিয়া এখন জিটিএ ৬-এ মত্ত। ভাইস সিটিতে রাত জেগে মারদাঙ্গা আর লুটপাটের মজা নিচ্ছেন লাখো গেমার। আমি ভাবি, ভারতীয়দের এই খেলা খেলার দরকারটা কী? দরজা খুললেই তো আসল জিটিএ।
এই খেলায় আমরা প্রায় সবাই এনপিসি, মানে নন-প্লেয়িং ক্যারেক্টার। খেলোয়াড় যাদের চালান না, যাদের কাজ শুধু মূল চরিত্রের রোমাঞ্চ জোগানো। সেদিন দেখলাম, আইশোস্পিড নামে এক ইউটিউবার খেলার ভিতর এক অসহায় বৃদ্ধার স্কুটার কেড়ে নিচ্ছেন। ওই বৃদ্ধা এনপিসি। আমি, আপনি, পাশের বাড়ির লোক, কাজের দিদি, সবাই তা-ই।
খরচটাও ভাবুন। কনসোল ৫০ থেকে ৬০ হাজার টাকা, খেলা অন্তত ৫,৯৯৯ টাকা, সঙ্গে কোক-চিপস। তার চেয়ে বাইরে গেলে বিনা পয়সায় একই রোমাঞ্চ।
জিটিএ-র নিয়ম সোজা। শহরে টিকতে হলে নিয়ম ভাঙো, অন্যকে নিংড়ে নাও। নিয়ম মানলেই ঠকবে। আমাদের শহরেও তা-ই। ট্র্যাফিক বা অন্য নিয়ম মানলে থার চালানো ছেলেরা চাপা দেবে। ভাল হতে গেলে, ঠিক কাজ করতে গেলে পথের বলি হতে হবে। আমাদের সব শহরই তো ভাইস সিটি।
খেলায় ‘আলফা’ (নায়ক) মানে সফল গ্যাংস্টার বা রাজনীতিক, জীবন তাঁদের রোমাঞ্চের। আমরা এনপিসি-রা ঘুষ দিই, উপকার করি, কিংবা লাঠি নেই বলে তাঁদের মনোরঞ্জন করি। জোর যার, মুলুক তার।
জিটিএ ৬ এত জনপ্রিয় কেন? নিউ ইয়র্ক বা মায়ামিতে আইনের শাসন, চওড়া ফাঁকা রাস্তা, সব চলে নিয়ম মেনে। সেখানকার আদরে বড় হওয়া তরুণেরা খেলায় খোঁজেন সেই বিশৃঙ্খলা, যা আর বাস্তবে নেই। আলবেয়ার কামু ‘দ্য ফল’-এ লিখেছিলেন, প্রতিটি বুদ্ধিমান মানুষ গোপনে গ্যাংস্টার হয়ে হিংসার জোরে সমাজের উপর রাজত্ব করার স্বপ্ন দেখে।
আমাদের স্বপ্ন দেখার দরকার নেই। মুম্বই-দিল্লির বস্তিতে গ্যাংস্টার হওয়ার শখ বাস্তবেই মেটে। দিল্লির রাস্তায় ০০০৭ নম্বরের থার চালালে মনে হয়, অন্যের প্রাণ নেওয়ার ছাড়পত্র আছে, কারণ শহরের মালিক ‘বাবা’। আপনি থারের মালিকের ছেলে না হলে আপনি এনপিসি। মাঝরাতে নয়ডায় স্কুটার নিয়ে বেরোলে শহরের কোনও না কোনও কোণে চড় আর লুট কপালে আছে।








