নয়াদিল্লি, ২০ নভেম্বর: চিনের শেনজ়েনে শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠকের ছবি দিয়ে আবার নরেন্দ্র মোদীকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার এক্স-এ তিনি লিখলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ওই টেবিলে বসতেন ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু ‘কম্প্রোমাইজ়ড’ (চাপে নতিস্বীকার করা) প্রধানমন্ত্রী ওখানে কখনওই বসতে পারেন না। পাল্টা তোপ দেগেছে বিজেপিও।
বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রায় ৮০ মিনিটের ওই বৈঠকে তিন রাষ্ট্রনেতা ‘শান্তির অভিমুখে ঘোষণাপত্র’ গ্রহণ করেন। পরমাণু ঝুঁকি কমানো ও জ্বালানির জোগান স্থিতিশীল রাখা-সহ নানা বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে তাতে।
রাহুলের অভিযোগ এখানেই থামেনি। শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, পাকিস্তান যেখানে ইরান ও আমেরিকার সঙ্গে আলোচনায় ব্যস্ত, ভারত সেখানে নিছক দর্শক। আন্তর্জাতিক আলোচনায় ভারতের থাকা উচিত, অথচ সে এখন ‘সাইড প্লেয়ার’, বললেন তিনি। অধ্যাপক রবার্ট পেপের সঞ্চালনায় ওই আলাপে রাহুলের আরও দাবি, রাজনৈতিক ভাবে বিজেপির ধারণাটাই কংগ্রেস নিশ্চিহ্ন করে দিয়েছে, তার প্রভাব দেখা যাবে আগামী আট মাসে। বিজেপির ভিতরের কাঠামো ভেঙে পড়েছে, মন্ত্রীদের কেউ কেউ বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য দিচ্ছেন, এমন দাবিও করেন তিনি। এই শেষ দাবির সমর্থনে কোনও তথ্য দেননি রাহুল।
‘কম্প্রোমাইজ়ড প্রধানমন্ত্রী’ কটাক্ষ রাহুলের নতুন নয়। চলতি বছরেই বারবার তিনি মোদীকে এই বিশেষণে বিঁধেছেন। আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে মামলা আর জেফ্রি এপস্টাইনের নথির প্রসঙ্গ টেনে তাঁর অভিযোগ, ওয়াশিংটনের চাপে মোদীর নীতি প্রভাবিত হচ্ছে।
জবাবে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী রাহুলকে পাকিস্তানের ‘ভক্ত’ বলে কটাক্ষ করেন। এক্স-এ তাঁর প্রশ্ন, প্রতিটি বিশ্বমঞ্চে রাহুলের পাকিস্তান-প্রীতি কেন। তিনি মনে করিয়ে দেন, শান্তি প্রচেষ্টায় ভারতের ভূমিকার কথা স্বীকার করেছে রাশিয়া ও ইউক্রেন, ইরান ভারতীয় পতাকাবাহী জাহাজের জন্য হরমুজ় প্রণালীর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ, ইউপিএ জমানায় শারম আল-শেখে ভারতের সার্বভৌমত্বের সঙ্গে আপস করা হয়েছিল, আর ২৬/১১-র হামলার পরও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।








