টাইমের মর্যাদাপূর্ণ তালিকায় ভারতের ৯ ক্রীড়াতারকা, জায়গা পেলেন হরমনপ্রীত থেকে বৈভব

মুম্বই, ২০ নভেম্বর: দেশের আগামী দিনের প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে প্রথমবারের মতো ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন। আর সেই তালিকায় উজ্জ্বল উপস্থিতি ভারতীয় ক্রীড়াজগতের। মোট ৯ জন ভারতীয় ক্রীড়াতারকা জায়গা পেয়েছেন এই মর্যাদাপূর্ণ তালিকায়। রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, বক্সার লাভলিনা বরগোহাঁই, টেনিস তারকা সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সাভিতা পুনিয়া, ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী, অ্যাথলিট বিদ্যা রামরাজ, বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ, ভারোত্তোলক মীরাবাই চানু এবং তরুণ তিরন্দাজ কুমকুম মোহোদ। ২০২৫ সালে ভারতের প্রথম মহিলা একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে হরমনপ্রীতের অবদান স্বীকৃতি পেয়েছে এই তালিকায়। অলিম্পিক পদকজয়ী লাভলিনা ভারতীয় বক্সিংয়ের অন্যতম মুখ হিসেবে জায়গা পেয়েছেন। আন্তর্জাতিক টেনিসে ভারতের পরিচিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সানিয়া মির্জা এবং দীর্ঘদিন ভারতীয় মহিলা হকি দলের ভরসা সাভিতা পুনিয়াও রয়েছেন নির্বাচিতদের মধ্যে। তবে বিশেষ নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে ৩৫ বলে শতরান করে বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়া এই বাঁহাতি ব্যাটার ভবিষ্যতের সুপারস্টার হিসেবেই উঠে এসেছেন টাইমের নজরে। পাশাপাশি ৪০০ মিটার হার্ডলসে সাফল্যের জন্য স্বীকৃতি পেয়েছেন বিদ্যা রামরাজ। দাবার বোর্ডে ইতিহাস গড়া ডি গুকেশ, এশিয়ান গেমসে পদকজয়ী মীরাবাই চানু এবং তিরন্দাজির উদীয়মান প্রতিভা কুমকুম মোহোদও জায়গা করে নিয়েছেন তালিকায়। এককথায়, ভারতীয় ক্রীড়ার বর্তমান তারকা থেকে আগামী দিনের সম্ভাবনা, দুইয়েরই মিলন ঘটেছে টাইমের প্রথম ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।

Leave a Comment

আরও পড়ুন