ঝাড়গ্রাম, ২০ নভেম্বর: ঝাড়গ্রামের আইটিআই ও পলিটেকনিকের পরিকাঠামো আর পঠনপাঠনের হাল খতিয়ে দেখতে এল পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শুক্রবার ঝাড়গ্রাম আইটিআই-তে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা করেন কমিটির সদস্যেরা। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তিন দিনের স্টাডি ট্যুরে রয়েছেন তাঁরা।
প্রতিনিধি দলে রয়েছেন চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, বর্ধমান উত্তরের নিশীথ মালিক, মেমারির মানব গুহ, মেদিনীপুরের ডা. শঙ্কর গুছাইত এবং ডেবরার শুভাশিস সোম। প্রসূন জানিয়েছেন, প্রতিষ্ঠানের অগ্রগতি ও সমস্যার কথা শুনে আগামী দিনের উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে। তাঁর কথায়, জঙ্গলমহলে, বিশেষ করে ঝাড়গ্রামের আইটিআই, পলিটেকনিক ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।








