ঝাড়গ্রাম, ২০ নভেম্বর: সরকারি ধান কেনায় কৃষকের হয়রানি বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল জঙ্গলমহল স্বরাজ মোর্চা (জেএসএম)। ঝাড়গ্রামের জেলাশাসকের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির জেরে ফসলের সম্ভাব্য ক্ষতির কথাও তুলেছে সংগঠন।
মোর্চার পাঁচ দফা দাবির প্রথমটি, কৃষকের সুবিধামতো রাজ্যের বিভিন্ন জেলায় পর্যাপ্ত স্থায়ী সরকারি ধান ক্রয় কেন্দ্র (সিপিসি) চালু করা। দ্বিতীয়ত, কৃষকের বাড়তি পরিবহণ খরচ কমাতে অবিলম্বে চালু করতে হবে মোবাইল ক্রয় কেন্দ্র। তৃতীয়ত, বৃষ্টিতে ভিজে যাওয়া বা আর্দ্রতাযুক্ত ধান ন্যায্য ও যুক্তিসংগত শর্তে সরকারি কেন্দ্রে বিক্রির ব্যবস্থা চাই। চতুর্থত, আর্দ্রতা বা মানের অজুহাতে ‘ধলতা’ নামে অননুমোদিত ধান কাটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে বিক্রির সময় কৃষকের হয়রানিও। পঞ্চম দাবি, ঝাড়গ্রাম-সহ রাজ্যের নানা জেলায় বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি ঠিকমতো যাচাই করে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা দেওয়া।
মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত বলেন, কৃষকের পরিশ্রমের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ফসল বেচতে গিয়ে বাড়তি খরচ ও হয়রানি থেকে তাঁদের রক্ষা করা সরকারের দায়িত্ব। রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে সংগঠন আশা করছে, জানান তিনি।








