বাবা-মায়ের লাথিতে ভাঙল পা, অসমের হাতির ছানা রাজাকে বিমানে জামনগরে নিয়ে গেল বনতারা

গুয়াহাটি, ২১ নভেম্বর: জন্মের প্রথম দিনেই ডান ঊরুর হাড় ভেঙে গিয়েছিল সাত সপ্তাহের এশীয় হাতির ছানা রাজার। শুক্রবার তাকে অসমের পোহুমারা থেকে বিশেষ বিমানে গুজরাতের জামনগরে নিয়ে গিয়েছে অনন্ত অম্বানী প্রতিষ্ঠিত বন্যপ্রাণ উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র ‘বনতারা’। সেখানকার হাতি হাসপাতালে জরুরি চিকিৎসা চলবে তার। ভারতে এই ধরনের বিমানযাত্রা এটি তৃতীয়।

গত ২ অক্টোবর অসমের গোগামুখে জন্মেছিল রাজা। সংস্থার বক্তব্য, মাত্র ১১ বছর বয়সি অনভিজ্ঞ মা প্রসবের পর ভয় পেয়ে ছানাকে লাথি মারে। তাতেই ডান ঊরুর হাড় সম্পূর্ণ ভেঙে যায়। দাঁড়াতে না পারায় এবং মায়ের প্রথম দুধ (কোলোস্ট্রাম) না পাওয়ায় রোগপ্রতিরোধ ক্ষমতাও গড়ে ওঠেনি।

মালিক ভোলানাথ পেগুর অনুরোধে ৮ অক্টোবর বনতারার দ্রুত-সাড়া দল পৌঁছয়। এক্স-রেতে ধরা পড়ে, হাড়ের দুই প্রান্ত সরে একে অপরকে পেরিয়ে গিয়েছে। পায়ে প্লাস্টারের ব্যান্ডেজ বাঁধা হয়। ছানাকে দাঁড় করাতে স্লিং ব্যবহার করা হয়, দেওয়া হয় দুধের বিকল্প খাবার। ১০ অক্টোবর থেকে পোহুমারায় মালিকের বাড়িতেই চিকিৎসা চলে। ভাঙা পায়ে ভর না দিয়ে নড়াচড়ার জন্য পাশেই তৈরি হয় হাইড্রোথেরাপি পুকুর।

তবু একের পর এক জটিলতা দেখা দেয়। ডায়েরিয়া হয়, পরীক্ষায় ধরা পড়ে ক্লেবসিয়েলা নিউমোনিয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ। বারবার রক্তে শর্করা কমে গিয়েছে, লিভারের মাত্রাও বেড়েছে। দীর্ঘক্ষণ শুয়ে থাকায় মাথায় ঘা হয়েছে। নাভিতে হার্নিয়া এবং সামগ্রিক দুর্বলতাও রয়েছে। বনতারার দাবি, অ্যান্টিবায়োটিক, স্যালাইন-সহ নানা চিকিৎসা সত্ত্বেও অবস্থা গুরুতর। উন্নত পরীক্ষা, নিরন্তর নজরদারি ও অস্থি-বিশেষজ্ঞের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি জরুরি হয়ে পড়ে। আড়াই হাজার কিলোমিটারের বেশি সড়কপথে এত ছোট ও দুর্বল ছানাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।

ছানার মাপে তৈরি বিশেষ বাক্সে, ভাঙা পা স্থির রেখে, নরম বিছানায় শুইয়ে তাকে নিয়ে যাওয়া হয়। প্রায় চার ঘণ্টার যাত্রায় সঙ্গে ছিলেন পশুচিকিৎসক, প্যারাভেট ও পরিচর্যাকারীরা। হৃদস্পন্দন, শ্বাস, তাপমাত্রা ও রক্তে শর্করা নিয়মিত পরীক্ষা করা হয়েছে। ভাঙা পায়ের জন্য তাকে আজীবন চিকিৎসা ও নজরদারিতে থাকতে হবে বলে আশা করা হচ্ছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মালিকের অনুরোধে বনতারার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এক্স-এ তিনি লিখেছেন, রাজাকে সকালে জামনগরের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং সে সাড়া দিচ্ছে। অনন্ত ও বনতারা দলের এই ‘উদার পদক্ষেপ’-এর প্রশংসাও করেছেন তিনি। বনতারার সিইও বিবান করণী বলেন, “সাত সপ্তাহ ধরে ও লড়েছে। এ বার আমাদের পালা। আমরা চেষ্টা করব, ও যাতে দাঁড়াতে, হাঁটতে, এক দিন দৌড়তেও পারে।”

Leave a Comment

আরও পড়ুন