রাত তখন দশটা বেজে আঠাশ মিনিট। আচমকাই তীব্র শব্দে বেজে উঠল আপৎকালীন সতর্কতামূলক বাঁশি। খবর ছড়াল, ঝাড়গ্রাম এবং গিধনির মাঝে লাইনচ্যুত হয়েছে ট্রেন। আর সেই খবর পাওয়া মাত্রই গভীর রাতে চরম তৎপরতা শুরু হয়ে গেল রেলের খড়্গপুর বিভাগে। তবে কি ফের কোনও বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন? এমন উৎকণ্ঠার মাঝেই রেলের আধিকারিকদের আপৎকালীন তৎপরতা এবং উদ্ধারকাজের প্রস্তুতি খতিয়ে দেখতে গভীর রাতে এক অভিনব মহড়ার আয়োজন করল খড়্গপুর রেলওয়ে বিভাগ।
সতর্কতামূলক বাঁশি বাজার ঠিক তিন মিনিটের মাথায়, অর্থাৎ রাত দশটা একত্রিশ মিনিটে দুর্ঘটনা ত্রাণ ও চিকিৎসা সরঞ্জামবাহী বিশেষ যান তলব করা হয়। ঠিক তার দু’মিনিট পরেই, দশটা তেত্রিশ মিনিটে খবর দেওয়া হয় দুর্ঘটনা ত্রাণকারী বিশেষ ট্রেনকে। সব রকম প্রস্তুতি সেরে রাত এগারোটা বেজে দশ মিনিটে কাল্পনিক সেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে দ্রুত গতিতে রওনা দেয় রেলের এই দুই বিশেষ উদ্ধারকারী দল। রেলের বিভিন্ন বিভাগের মধ্যে নিখুঁত সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে কত দ্রুত ঝাঁপিয়ে পড়া সম্ভব, তা পরখ করে নেওয়াই ছিল এই নৈশ অভিযানের মূল লক্ষ্য। সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে রাত এগারোটা কুড়ি মিনিটে খড়্গপুরের বিভাগীয় রেল প্রবন্ধক আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে, এটি আক্ষরিক অর্থে কোনও দুর্ঘটনা নয়, বরং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার একটি সফল মহড়া মাত্র।









