প্রবল বৃষ্টি মাথায় নিয়েই দিনভর ঠাসা কর্মসূচি, হুল দিবসে জঙ্গলমহল জুড়ে নজর কাড়লেন মন্ত্রী অমিয় কিস্কু

আবহাওয়াও তাঁর আবেগ ও কর্তব্যবোধে বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি। হুল দিবস উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যত নাওয়া-খাওয়া ভুলে একের পর এক কর্মসূচিতে যোগ দিয়ে সবার নজর কাড়লেন মন্ত্রী অমিয় কিস্কু। প্রবল বৃষ্টি মাথায় নিয়েই তিনি নিজের বিধানসভা কেন্দ্রের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়িয়ে সাঁওতাল বিদ্রোহের বীর সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন সকালবেলা বেলদা থেকে মন্ত্রীর এই জনসংযোগ ও শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি শুরু হয়। এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি পৌঁছে যান এলাকার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের আয়োজিত স্মরণসভায়। সিধো-কানহু, চাঁদ-ভৈরব, ফুলো-ঝানোর মতো বীর শহিদদের আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এদিন তিনি উপস্থিত ছিলেন খড়িকা সবরনাখা মার্শাল গাঁওতা ক্লাবের অনুষ্ঠানে। এরপর তিনি যান বালিগেড়িয়া খেরওয়াল দাঁধে ক্লাবের আয়োজিত হুল দিবসের বিশেষ কর্মসূচিতে। সেখানে আদিবাসী সমাজের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শহিদ বেদিতে মাল্যদান করতে দেখা যায় তাঁকে।

দুপুরের পর থেকে বৃষ্টির দাপট আরও বাড়লেও মন্ত্রীর পথচলা থামেনি। বিকেলের দিকে তিনি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের খেরওয়াল গাঁওতা ক্লাবের অনুষ্ঠানেও অংশ নেন। এরপর তাঁর গন্তব্য ছিল ধানসোলা গালাং ক্লাব। প্রতিটি জায়গাতেই তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং দেশীয় জমিদারদের শোষণের বিরুদ্ধে জল-জঙ্গল-জমির অধিকার রক্ষার লড়াইয়ে আদিবাসী জনজাতির সেই মহান আত্মত্যাগকে স্মরণ করেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের এই ঐতিহাসিক দিনে, চরম দুর্যোগ উপেক্ষা করে খোদ মন্ত্রীর এই নিরলস উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে একেবারে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার এই ছবি জঙ্গলমহলের বুকে বিশেষ প্রশংসার দাবি রাখছে।

Leave a Comment

আরও পড়ুন