ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার ফতেপুর তসরবাঁকি ঘাটে বুধবার একটি যাত্রীবাহী বাস নদী পারাপারের সময় জলে হেলে পড়ে। ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে কোনও প্রাণহানির খবর মেলেনি। স্থানীয় বাসিন্দা ও উপস্থিত মানুষজন দ্রুত উদ্ধারকাজে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাসাপোল বা নদীর উপর থাকা নিম্নজলস্তরের কংক্রিট রাস্তা (কজওয়ে) দিয়ে বাসটি পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে কাত হয়ে যায়। প্রবল স্রোত ও পিচ্ছিল অবস্থার কারণে বাসটি আংশিকভাবে জলের মধ্যে হেলে পড়ে। সেই সময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসটিকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বর্ষাকালে ফতেপুর তসরবাঁকি ঘাটে যাতায়াতের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, জলস্তর বাড়লে এই ঘাট দিয়ে ভারী যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ দিনের ঘটনার পর ফের নিরাপদ সেতু নির্মাণ ও স্থায়ী সমাধানের দাবি জোরালো হয়েছে।









