নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: দীর্ঘদিনের প্রচলিত ইনসুলিন ইনজেকশনের ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন ডায়াবেটিস রোগীরা। টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস রোগীদের সুবিধার্থে সপ্তাহে মাত্র একবার নিতে হবে—এমন এক নতুন বেসাল ইনসুলিন ‘আউইক্লি’ বাজারে আনল আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা নোভো নরডিস্ক ইন্ডিয়া। এতদিন রোগীদের প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নিতে হতো, অর্থাৎ বছরে ৩৬৫টি শট নিতে হতো। নতুন এই ইনসুলিন চালু হওয়ায় তা বছরে কমে দাঁড়াচ্ছে মাত্র ৫২টি শটে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয় জানিয়েছেন, ভারতে ২১৭ জন রোগীর ওপর এই নতুন ইনসুলিনের গ্লোবাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। ডেনমার্ক থেকে আমদানিকৃত এই ওষুধ ভারতের বাজারে আনা হয়েছে, যা বিশ্বজুড়ে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপসহ একাধিক দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। ভারতের বাজারে ১ মিলিলিটার পেন (৭০০ ইউনিট ইনসুলিন)-এর দাম রাখা হয়েছে ২,৬১১ টাকা। সপ্তাহে ৭০ ইউনিট হিসেবে একটি পেন প্রায় ১০ সপ্তাহ বা আড়াই মাস পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এছাড়া ৩ মিলিলিটার পেন (২,১০০ ইউনিট ইনসুলিন)-এর দাম নির্ধারণ করা হয়েছে ৭,৮৮৩ টাকা।
নোভো নরডিস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বব্যাপী পরিচালিত ‘অনওয়ার্ডস-১’ ক্লিনিক্যাল প্রোগ্রামে দেখা গেছে, প্রতিদিন ইনজেকশন নেওয়ার তুলনায় এই নতুন ইনসুলিনটি রক্তের শর্করার মাত্রা বা হিমোগ্লোবিন এওয়ানসি নিয়ন্ত্রণে অনেক বেশি কার্যকর। এটি একটি প্রেসক্রিপশন ওষুধ, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা যাবে না। ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি রোগীদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং ইনসুলিন নেওয়ার শারীরিক ও মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক এই সংস্থার এই নতুন পদক্ষেপকে চিকিৎসকরা ডায়াবেটিস ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখছেন।









