নিজস্ব প্রতিবেদন: বর্ষার মরসুম শুরু হতেই পশ্চিম মেদিনীপুরের সবংয়ে কপালেশ্বরী নদীর উপর থাকা বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি। জলের প্রবল তোড়ে সাঁকোটি ভেসে যাওয়ায় ফতেচক, কপাললোচন, বাঁশবনি, নওগাঁ-সহ প্রায় ১০-১২টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ শুরু হয়েছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ— সকলকেই এখন বাধ্য হয়ে প্রায় তিন কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কপালেশ্বরী নদীর দু’পাড়ে ফতেচক ও কপাললোচন গ্রাম। গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেলে পারাপারে বিশেষ সমস্যা হয় না। কিন্তু বর্ষায় জল বাড়লেই ফতেচক হাইস্কুলের পড়ুয়াদের এবং কপাললোচন, উত্তর ও দক্ষিণ বাঁশবনি, কসবা সবং, নওগাঁ, বড়শাবড়া প্রভৃতি গ্রামের মানুষদের ঘুরপথে ‘ভূঁয়া সেতু’ হয়ে সবংয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘদিনের এই ভোগান্তি এড়াতে প্রতি বছর গ্রামবাসীরা চাঁদা তুলে প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে নিজেদের শ্রমেই একটি বাঁশের সাঁকো তৈরি করেন।
এলাকার বাসিন্দা ভোলানাথ পট্টনায়েক, সূর্যকান্ত পট্টনায়েক, বাদলচন্দ্র চাউলিয়ারা বলেন, “পাকাপোক্ত সেতুর অভাবে ঘুরপথে যাওয়ার হয়রানি থেকে বাঁচতেই আমরা নিজেদের খরচে বাঁশের সাঁকো বানাই। কিন্তু নদীতে প্রচুর শ্যাওলা থাকায় জলের তোড়ে বাঁশের খুঁটি ভেঙে তা ভেসে যায়। সরকারিভাবে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে হাজার হাজার মানুষ উপকৃত হবেন।”
গ্রামবাসীদের এই দাবি যুক্তিসঙ্গত হলেও প্রশাসনের বক্তব্য কিছুটা ভিন্ন। প্রশাসনিক কর্তাদের দাবি, মাত্র ১৪ কিলোমিটার দীর্ঘ কপালেশ্বরী নদীতে ইতিমধ্যেই চারটি সেতু রয়েছে। লাঙলকাটা ও কাঁটাখালিতে আরও দু’টি সেতু নির্মাণের প্রস্তাবও রয়েছে। প্রশাসনের এক আধিকারিকের কথায়, “প্রতিটি গ্রামের সুবিধার জন্য নদীর উপর আলাদা করে সেতু নির্মাণ করা কার্যত অসম্ভব। দুই-তিন কিলোমিটার ঘুরপথে গেলে যদি সমস্যা মেটে, তবে এলাকাবাসীকেও কিছুটা সহযোগিতা করতে হবে।”
অন্যদিকে, সবংয়ের বিধায়ক অমল পণ্ডা বলেন, “মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে, এটা বাস্তব। সবংয়ে অনেক সেতু হয়েছে, তবুও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে রাজ্য সরকারের কাছে এই স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাব আমি নিশ্চয়ই রাখব। তবে একটি ব্লকে সরকার ঠিক কতগুলি সেতু অনুমোদন করতে পারবে, সাধারণ মানুষকে সেটাও বুঝতে হবে।”









