রেফারি বিতর্কের মাঝেই হ্যাকড আর্জেন্তিনা ফুটবল সংস্থার ইমেল! কাঠগড়ায় মিশরীয় হ্যাকাররা

নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপে মিশরকে (ইজিপ্ট) ৩-২ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছনোর পরেই সাইবার হামলার শিকার হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ওই ম্যাচে ০-২ গোলে পিছিয়ে পড়ার পরেও ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের গোলে ভর করে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু এই জয়ের পরেই এএফএ-র অফিশিয়াল ইমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ইমেলে লেখা হয়েছিল যে, “আর্জেন্তিনা জেতেনি” এবং এই ফলাফল আসলে “দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের সিদ্ধান্তের” ফসল।
​আর্জেন্তিনার সংবাদমাধ্যম ‘লা কালে’-র দাবি, এএফএ সূত্র অনুযায়ী এই সাইবার হামলার নেপথ্যে মিশরীয় বংশোদ্ভূত হ্যাকারদের হাত থাকতে পারে, কারণ ওই ভুয়ো ইমেলগুলিতে মিশরের দলের পারফরম্যান্সেরও ব্যাপক প্রশংসা করা হয়েছিল। ইতিমধ্যেই এএফএ-র তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে এমন কিছু ইমেল পাঠানো হয়েছে যা তারা নিজেরা তৈরি করেনি বা অনুমোদনও দেয়নি। সাধারণ মানুষকে ওই অ্যাকাউন্ট থেকে আসা অস্বাভাবিক ইমেল, বিশেষ করে তার সঙ্গে থাকা কোনও লিঙ্কে ক্লিক না করার বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অ্যাকাউন্টের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে আর্জেন্তিনীয় ফুটবল সংস্থা।
​উল্লেখ্য, এই হ্যাকিং বিতর্কের আগেই মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে-সহ অন্যান্য অফিশিয়ালদের বিশ্বকাপ থেকে বহিষ্কার করার জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছিল। তাঁদের অভিযোগ ছিল, ওই ম্যাচে আর্জেন্তিনার প্রতি অন্যায্যভাবে পক্ষপাতিত্ব করা হয়েছে। মিশরের কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ করেছিলেন যে, টুর্নামেন্টে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা এবং লিওনেল মেসিকে টিকিয়ে রাখার জন্যই সম্ভবত তাঁদের প্রতি চরম অবিচার করা হয়েছে এবং আর্জেন্তিনার দিক থেকে ফলাফলের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। আগামী রবিবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আর্জেন্তিনা।

Leave a Comment

আরও পড়ুন