স্কুলে শৌচালয়ের পরিচ্ছন্নতা ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা খতিয়ে দেখতে রিপোর্ট তলব হাইকোর্টের, পশ্চিম মেদিনীপুরের এক হাজার তিরাশি স্কুলে সমীক্ষা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :

রাজ্যের সরকারি ও সরকারি পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য শৌচালয়ের পরিচ্ছন্নতা এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের জুভেনাইল সেক্রেটারিয়েটের নির্দেশের পরেই পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয় জোরদার তৎপরতা। মাত্র তিন দিনের মধ্যে জেলার এক হাজার তিরাশিটি বিদ্যালয়ে সমীক্ষা সম্পন্ন করেছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।

 

জানা গিয়েছে, গত তিন জুলাই হাইকোর্টের জুভেনাইল সেক্রেটারিয়েটের পক্ষ থেকে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে বিদ্যালয়গুলিতে শৌচালয়ের পরিচ্ছন্নতা, ব্যবহারযোগ্যতা এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের প্রাপ্যতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আগামী পনেরো জুলাইয়ের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দ্রুত সমীক্ষার কাজ শুরু করে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ জানিয়েছেন, গত সাত থেকে নয় জুলাইয়ের মধ্যে জেলার এক হাজার তিরাশিটি বিদ্যালয়ে এই সমীক্ষা সম্পন্ন হয়েছে।

 

অল্প সময়ের মধ্যে এত বৃহৎ কর্মসূচি সফলভাবে শেষ করার জন্য ‘অধিকার মিত্র’দের ভূয়সী প্রশংসা করেছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। তিনি জানান, তাঁদের সক্রিয় সহযোগিতার ফলেই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ করা সম্ভব হয়েছে।

 

শুধু প্রশাসনিক তদারকিতেই সীমাবদ্ধ থাকেননি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। তিনি নিজেও একাধিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে শৌচালয়ের অবস্থা এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা খতিয়ে দেখেছেন। সমীক্ষায় সংগৃহীত তথ্য নির্ধারিত সময়সীমার মধ্যেই কলকাতা হাইকোর্টে পাঠানো হবে বলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।

 

ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হাইকোর্টের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন শিক্ষা ও শিশু অধিকার বিষয়ক মহলের একাংশ।

Leave a Comment

আরও পড়ুন