পশুখাদ্য কেলেঙ্কারি: লালু প্রসাদ যাদবের জামিন বাতিলের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৪ জুলাই: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদবের জামিন বাতিলের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, দীর্ঘ ছয় বছর পর লালু প্রসাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা কোনোভাবেই উপযুক্ত হবে না। তবে জামিন বাতিল না করলেও সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, লালুর সাজা স্থগিতের বিরুদ্ধে যে ফৌজদারি আপিলগুলি আদালতে মুলতুবি রয়েছে, সেগুলি যেন আগামী ছয় মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি করা হয়।

বিচারপতি এম. এম. সুন্দবেশ এবং বিচারপতি এন. কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দায়ের করা আপিলের শুনানি করছিল। ঝাড়খণ্ড হাইকোর্ট লালু প্রসাদের সাজা স্থগিত করে তাঁকে যে জামিন দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আদালতে সিবিআইয়ের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস. ভি. রাজু দাবি করেন, হাইকোর্ট লালুর কারাবাসের মেয়াদ গণনায় ভুল করেছে। তদন্তকারী সংস্থার যুক্তি অনুযায়ী, লালু প্রসাদের বিভিন্ন মামলার সাজা একটির পর একটি ক্রমপক্রিয়া চলার কথা, যার ফলে তাঁর মোট সাজার মেয়াদ দাঁড়ায় প্রায় ১৪ বছর। সেই হিসাব ধরলে জামিন পাওয়ার জন্য প্রয়োজনীয় অর্ধেক সাজার মেয়াদ তিনি জেলে কাটাননি।

অন্যদিকে, লালু প্রসাদ যাদবের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল সিবিআইয়ের এই দাবি সম্পূর্ণ খণ্ডন করেন। তিনি আদালতকে জানান, সাজার মেয়াদ একসঙ্গে নাকি একটার পর একটা চলবে, তা চূড়ান্ত রায়ের সময় বিবেচ্য বিষয়, সাজা স্থগিতের আবেদনের ক্ষেত্রে নয়। ফলে ঝাড়খণ্ড হাইকোর্ট নিয়ম মেনেই লালু প্রসাদের সাজা স্থগিত করে জামিন দিয়েছিল। সিব্বল আরও জানান যে, তাঁর মক্কেলের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২০২২ সালে তাঁর একটি কিডনি প্রতিস্থাপনও করা হয়েছে।

উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর সুপ্রিম কোর্টের বেঞ্চ সিবিআইয়ের জামিন বাতিলের আর্জিতে সাড়া না দিয়ে মামলার দ্রুত শুনানির ওপরই জোর দেয়। আদালত জানায়, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর জামিন বাতিলের চেয়ে মুলতুবি আপিল মামলার দ্রুত নিষ্পত্তি হওয়াই বাঞ্ছনীয়। উল্লেখ্য, ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে অবিভক্ত বিহারের সরকারি কোষাগার থেকে ভুয়ো বিলের মাধ্যমে পশুখাদ্য, ওষুধ ও যন্ত্রপাতি কেনার নামে প্রায় ৯৫০ কোটি টাকা তছরুপের অভিযোগে মোট ৫৫টি মামলা দায়ের হয়েছিল, যা ভারতের ইতিহাসে ‘পশুখাদ্য কেলেঙ্কারি’ নামে পরিচিত।

Leave a Comment

আরও পড়ুন