নয়াগ্রাম: খড়্গপুর বনবিভাগের উদ্যোগে অরণ্য সপ্তাহ উদ্যাপনের অঙ্গ হিসেবে নয়াগ্রাম ব্লকের বড়নিগুই গভর্নমেন্ট মডেল স্কুলে এক অভিনব সচেতনতা শিবিরের আয়োজন করা হল। পরিবেশ রক্ষা ও বন সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য এক বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তোলার বার্তাই ছিল এদিনের আয়োজনের মূল সুর। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ এবং প্রকৃতি বাঁচানোর যে অঙ্গীকার গড়ে তোলা হচ্ছে, ভবিষ্যতের নিরিখে তাকে অত্যন্ত জরুরি ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অমিয় কিস্কু। অনুষ্ঠানের কিছু মুহূর্ত ভাগ করে নিয়ে সাধারণ মানুষের কাছে তাঁর সরাসরি আর্জি, “আসুন, অরণ্য সপ্তাহের এই অঙ্গীকারকে সফল করতে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং প্রকৃতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করি।” এদিনের এই মঞ্চে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) পারভেজ সারফারাজ এবং খড়গপুর বনবিভাগের অন্তর্গত নয়াগ্রাম রেঞ্জের রেঞ্জার দীপক মণ্ডল। কেজো রাজনীতির হিসেব সরিয়ে রেখে স্কুলের মাঠে দাঁড়িয়ে আগামী দিনের নাগরিকদের হাতে সবুজের যে পাঠ তুলে দেওয়া হল, তা যে নিছকই এক রুটিন সরকারি উদ্যাপন নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জনপ্রতিনিধি ও গোটা প্রশাসনের একজোট হওয়ার প্রচ্ছন্ন বার্তা— সে কথাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল এই জমাট উদ্যোগে।









