ব্রাসেলসে প্রথম ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ, বাণিজ্য ও প্রতিরক্ষায় জোর জয়শঙ্করের

​ব্রাসেলস, ১৫ জুলাই: দ্বিপাক্ষিক সম্পর্কের পরিসর আরও প্রসারিত করতে বুধবার ব্রাসেলসে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রেভোটের সঙ্গে প্রথম ‘ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ’-এ যৌথভাবে সভাপতিত্ব করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সমাজমাধ্যম এক্স-এ এই বৈঠকের খতিয়ান তুলে ধরে তিনি জানান, সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে এবং এই প্রথম কৌশলগত সংলাপ দুই দেশ তথা ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করছে। দীর্ঘ এই আলোচনায় দুই শীর্ষ নেতা রাজনৈতিক বোঝাপড়া, অর্থনীতি, বিনিয়োগ, দূষণমুক্ত শক্তি, প্রতিরক্ষা, যাতায়াত ব্যবস্থা এবং ওষুধ শিল্পের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার রূপরেখা খতিয়ে দেখেন। বন্দর পরিকাঠামো, সামুদ্রিক যোগাযোগ এবং সেমিকন্ডাক্টর সেক্টরে যৌথভাবে কাজ করার পাশাপাশি বিশ্বজুড়ে একটি স্থিতিস্থাপক ও বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এই গুরুত্বপূর্ণ মঞ্চে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি-সহ একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুও স্থান পেয়েছে। ব্রাসেলস সফরের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক ইউরোপীয় কমিশনার জোসেফ সিকেলার সঙ্গেও দেখা করেন বিদেশমন্ত্রী। সেখানে ত্রিপাক্ষিক অংশীদারিত্ব, ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর’ (আইএমইসি) এবং পরিবেশবান্ধব জলপথ পরিবহণের মতো সংযোগ বৃদ্ধিকারী উদ্যোগগুলি নিয়ে আলোচনা হয়। এছাড়া স্টার্ট-আপ, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক ইউরোপীয় কমিশনার একাতেরিনা জাহারিয়েভার সঙ্গে আলাদা বৈঠকে পরিচ্ছন্ন ও সবুজ শক্তির প্রযুক্তিতে গবেষণা, স্টার্ট-আপ পরিকাঠামোকে শক্তিশালী করা এবং ইউরোপীয় ইউনিয়নের ‘হরাইজন ইউরোপ’ গবেষণা কর্মসূচিতে ভারতের যুক্ত হওয়ার বিষয়েও বিস্তারিত কথা বলে ইউরোপের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়া আরও সুদৃঢ় করেন জয়শঙ্কর।

Leave a Comment

আরও পড়ুন