ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট ভোলবদল! নতুন ফরম্যাট ঘোষণা করল আইসিসি

ইসলামাবাদ, ১৬ জুলাই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পুরুষদের দুটি বড় টুর্নামেন্ট— ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিযোগিতামূলক কাঠামো ও ফরম্যাটে বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বের আগে একটি প্রিলিমিনারি রাউন্ড যোগ করা হয়েছে এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লে-অফ বা নকআউট পর্যায়কে সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হয়েছে। আইসিসির বোর্ড মিটিং শেষে জানানো হয়েছে যে, ম্যাচগুলিকে আরও অর্থপূর্ণ ও আকর্ষণীয় করতে, প্রতিযোগিতার মান বাড়াতে এবং খেলোয়াড় ও দর্শকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, যেখানে মোট ১৪টি দল অংশ নেবে। এই টুর্নামেন্টের নতুন কাঠামোটি নিচে দেওয়া হলো:

রাউন্ড ১ (সুপার সিরিজ): যোগ্যতা অর্জন পর্বের তলানিতে থাকা ১২, ১৩ এবং ১৪ নম্বর দল একটি বিশেষ ‘সুপার সিরিজ’ রাউন্ডে অংশ নেবে। এই রাউন্ডের বিজয়ী দল মূল গ্রুপ পর্বের বাকি ১১টি দলের সাথে যোগ দেবে।

 

রাউন্ড ২: মূল পর্বের ১২টি দলকে ৬টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি দল এবং সামগ্রিকভাবে সেরা চতুর্থ স্থানাধিকারী দল মিলে মোট ৭টি দল যাবে পরবর্তী ‘সুপার ৭’ রাউন্ডে।

রাউন্ড ৩ (সুপার ৭): এই রাউন্ডে প্রতিটি দল রাউন্ড-রবিন ফরম্যাটে অন্য ৬টি দলের মুখোমুখি হবে। এখান থেকে শীর্ষ ৪টি দল নকআউট তথা সেমিফাইনালে উঠবে, যেখানে প্রথম দল চতুর্থ দলের এবং দ্বিতীয় দল তৃতীয় দলের মুখোমুখি হবে।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার প্রাথমিক গ্রুপ পর্বে মোট ৩০টি ম্যাচ খেলা হবে।

গ্রুপ পর্ব: অংশগ্রহণকারী দলগুলিকে ৪টি করে মোট ৫টি গ্রুপে ভাগ করা হবে। উল্লেখ্য, আগের বিশ্বকাপে ৫টি করে দল নিয়ে ৪টি গ্রুপ করা হয়েছিল। এবার প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে যাবে।

সুপার ১০: এই পর্বে ১০টি দলকে ৫টি করে দুটি গ্রুপে ভাগ করে রাউন্ড-রবিন ম্যাচ খেলা হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন বা শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে।

নতুন এলিমিনেটর রাউন্ড: সেমিফাইনালের বাকি দুটি জায়গার ফয়সালা হবে একটি নতুন এলিমিনেটর রাউন্ডের মাধ্যমে। এখানে এক গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল অপর গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। এই দুই এলিমিনেটরের জয়ী দল দুটি সেমিফাইনালের লাইনআপ সম্পূর্ণ করবে।

যোগ্যতা অর্জনের সমীকরণ

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স এবং আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ মোট ১২টি দেশ ইতিমধ্যেই ২০২৮ সালের বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি ৮টি স্পট পূরণের জন্য ১৬টি দলের মধ্যে একটি ‘গ্লোবাল কোয়ালিফায়র’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমেরিকা, কানাডা, ইতালি, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি এই গ্লোবাল কোয়ালিফায়ারে সরাসরি খেলার সুযোগ পেয়েছে, আর স্কটল্যান্ড সরাসরি খেলবে ইউরোপ রিজিওনাল ফাইনাল।

Leave a Comment

আরও পড়ুন