মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়া ও এক বৃদ্ধ সাইকেল আরোহীর। সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ কাটোয়া-আজিমগঞ্জ শাখার ২৪এ/২ নম্বর লেভেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রয়্যাল অ্যাকাডেমি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি টাটা সুমো ভ্যান এবং ওই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে ৫৩০৫৪ নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের যাতায়াতের জন্য ওই ক্রসিংয়ের গেট বন্ধ রাখা হয়েছিল। আপ লাইনে ১৩৪৩১ নম্বর ট্রেনটি পেরিয়ে যাওয়ার পরেই গেট খুলে দেওয়া হয়। সেই সময়েই স্কুল ভ্যানটি লাইন পার হতে গেলে অপর দিক থেকে দ্রুতগতিতে আসা নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি তাতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশু ও ওই বৃদ্ধ। গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালক এবং তিন পড়ুয়াকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। আহত বাকি শিশুরাও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিক, আরপিএফ, জিআরপি এবং স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশের বিশাল বাহিনী। উদ্ধারকাজ চালানো ও ভিড় সামলাতে অতিরিক্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। লাইন থেকে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি সরিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। একটি ট্রেন যাওয়ার পরপরই কেন গেট খুলে দেওয়া হলো এবং এর পেছনে কারও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।









