সুনীপম মহাকুলঃ করোনা মহামারীর চরম সংকটের সময় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ অপব্যবহার করে বেআইনিভাবে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্যের ভিজিল্যান্স বিভাগ। ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকারের নির্দেশে এই হাইপ্রোফাইল মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমানে জারি রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই স্পর্শকাতর দুর্নীতির অভিযোগের বর্তমান তদন্ত পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে আপাতত নীরবতা পালন করছে ওড়িশা সরকার।
অভিযোগকারী সন্দীপ কুমার চক্রবর্তীর দায়ের করা তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৪ঠা জানুয়ারি, কোভিড ১৯ মহামারীর সময়কালীন পরিস্থিতিতে তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৭৮ লক্ষ ৭৭ হাজার টাকা মিশনারিজ অফ চ্যারিটি নামক সংস্থাকে অনুদান হিসেবে মঞ্জুর করেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল মূলত ক্যানসার বা হৃদরোগের মতো প্রাণঘাতী রোগে আক্রান্তদের চিকিৎসা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবহারের জন্য নির্দিষ্ট। নিয়ম ভেঙে এই বিপুল অর্থ একটি সংস্থাকে পাইয়ে দেওয়া ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনের ১৩ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি, অভিযোগকারী তাঁর পত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু সংগঠনগুলির প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ২০০৮ সালে স্বামী লক্ষ্মণানন্দ সরস্বতীর হত্যার তদন্তে গঠিত বিচারপতি নাইডু কমিশনের রিপোর্ট ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন।
সরকারি নথি অনুযায়ী, ওড়িশা সরকারের জনশুনানি পোর্টালে গত ৩রা ডিসেম্বর, ২০২৫ তারিখে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়। যার টিকিট নম্বর হলো সিএম০২০২৫১৪৩২৩২৯। এরপর গত ১৬ই ডিসেম্বর, ২০২৫ তারিখে বর্তমান সরকার বিষয়টি ডিরেক্টর অফ ভিজিল্যান্সের কাছে তদন্তের জন্য হস্তান্তর করে। পোর্টালের রেকর্ড অনুযায়ী, বর্তমানে এই অভিযোগের অবস্থা হলো আন্ডার প্রসেস বা তদন্তাধীন।
ভিজিল্যান্স তদন্তের বর্তমান অবস্থা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঠিক কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানতে চেয়ে সকালের শিরোনাম সংবাদপত্রের পক্ষ থেকে গত ১৮ই জুলাই, ২০২৬ তারিখে ওড়িশা মুখ্যমন্ত্রীর দপ্তরের সরকারি ইমেলে একটি বিস্তারিত প্রশ্নপত্র পাঠানো হয়। এই সংবাদ প্রতিবেদন লেখা পর্যন্ত ওড়িশা সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তর বা ভিজিল্যান্স বিভাগের তরফ থেকে ওই ইমেলের কোনো আনুষ্ঠানিক উত্তর বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নবীন পট্টনায়কের মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির অভিযোগ এবং তদন্ত নিয়ে বর্তমান সরকারের এই নীরবতা রাজনৈতিক মহলে একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। ভিজিল্যান্সের এই তদন্ত আগামী দিনে ওড়িশার রাজনীতিতে কোনো নতুন ঝড় তোলে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।









