খামার থেকে ফ্যাশন: ভারতে তুলো চাষের ভবিষ্যৎ কীভাবে নতুন রূপ পাচ্ছে

নিজস্ব প্রতিবেদন:

প্রতিটি সুতির পোশাকের নেপথ্যে লুকিয়ে থাকে এক দীর্ঘ সংগ্রাম। আবহাওয়া, কীটপতঙ্গ ও বাজারের অস্থিতিশীল দামের সঙ্গে লড়াই করে ভারতের লক্ষ লক্ষ কৃষক এই তুলো উৎপাদন করেন। এখন সেই তুলো শিল্পের খোলনলচে বদলে ফেলতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বিজ্ঞানভিত্তিক গবেষণা, ডিজিটাল উদ্ভাবন, কৃষকদের আর্থিক সহায়তা এবং নিজস্ব ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দেশের তুলো ব্যবসাকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। আবাদি জমির নিরিখে ভারত বিশ্বের বৃহত্তম তুলো উৎপাদক দেশ। এটিই একমাত্র দেশ যেখানে তুলোর চারটি স্বীকৃত প্রজাতিরই চাষ হয়। ২০২৫-২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট তুলো উৎপাদনের পরিমাণ ছিল ২৯০.৯১ লক্ষ বেল। অন্যদিকে দেশীয় ব্যবহারের পরিমাণ ছিল ৩২৮ লক্ষ বেল। প্রায় ৬০ লক্ষ কৃষক সরাসরি এবং আরও ৪ থেকে ৫ কোটি মানুষ পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত।

ভারতীয় কৃষকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবাদের জমির পরিমাণ নয়, বরং উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এই সমস্যা সমাধানে সরকার ২০২৫-২৬ সালে ‘মিশন ফর কটন প্রোডাক্টিভিটি’ নামক একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের জন্য মোট ৫,৬৫৯.২২ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু-সহনশীল, রোগ-প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল তুলোর বীজ তৈরি করা এবং আধুনিক প্রজনন প্রযুক্তিকে উৎসাহিত করা। ১৪টি রাজ্যের ১৪০টি জেলার ২৪ লক্ষ হেক্টর জমিকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে, যার সুবিধা পাবেন প্রায় ৩২ লক্ষ কৃষক। দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রাটি বেশ চমকপ্রদ, ২০৩১ সালের মধ্যে দেশের তুলো উৎপাদন ৪৯৮ লক্ষ বেলে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে সুরক্ষিত করতেও সরকার সমানভাবে উদ্যোগী হয়েছে। ২০২৬-২৭ মরশুমের জন্য মাঝারি মানের তুলোর ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি কুইন্টাল প্রতি ৮,২৬৭ টাকা এবং লম্বা আঁশের তুলোর ক্ষেত্রে তা ৮,৬৬৭ টাকা ধার্য করা হয়েছে। গত মরশুমের তুলনায় এই মূল্য কুইন্টাল প্রতি ৫৫৭ টাকা বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ মরশুমে ভারতের তুলো নিগম ৪১,৫৩০ কোটি টাকা ব্যয়ে ১০৫.০৯ লক্ষ বেল তুলো কিনেছে, যা কৃষকদের বাজারের তীব্র ওঠাপড়া থেকে রক্ষা করেছে এবং আর্থিকভাবে সাবলম্বী হতে সাহায্য করেছে।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে তুলো কেনাবেচাতেও আমূল পরিবর্তন আনা হয়েছে। ‘কপাস কিসান’ নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে কৃষকরা এখন অনলাইনেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন। এই আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাঁরা ফসল বিক্রির দিনক্ষণ ঠিক করা থেকে শুরু করে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে যাচ্ছেন। বর্তমানে ৪১ লক্ষেরও বেশি কৃষক এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন, ফলে ক্রয়কেন্দ্রে দীর্ঘ অপেক্ষার সময় কমার পাশাপাশি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং গতি বৃদ্ধি পেয়েছে। এছাড়া শুধু উন্নত বীজ নয়, উন্নত চাষাবাদ পদ্ধতিতেও জোর দেওয়া হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের অধীনে আধুনিক পদ্ধতিতে বীজ রোপণের ফলে কোথাও ৪০ শতাংশ আবার কোথাও ৩২ শতাংশ পর্যন্ত ফলন বেড়েছে, যা জমি না বাড়িয়েই উৎপাদন বৃদ্ধির একটি বাস্তবসম্মত উপায় হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে ভারতীয় তুলোর স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে ‘কস্তুরী কটন ভারত’ নামের একটি অভিনব ব্র্যান্ডিং উদ্যোগ শুরু হয়েছে। পরিবেশবান্ধব পদ্ধতি ও উৎস নির্ধারণ এখন ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই কিউআর কোড এবং ব্লকচেইন প্রযুক্তির সাহায্যে শংসাপত্র যুক্ত তুলোর গুণগত মান ও উৎপত্তির উৎস সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে খুব সহজেই যাচাই করা যাচ্ছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ৩.২৯ লক্ষ বেল তুলো এই উদ্যোগের অধীনে শংসাপত্র পেয়েছে। খামার থেকে শুরু করে পোশাক তৈরি পর্যন্ত প্রতিটি স্তরেই গুণগত মান বজায় রেখে ভারতীয় তুলোকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আরও নির্ভরযোগ্য করে তোলাই সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

আরও পড়ুন