নিজস্ব প্রতিবেদন:
রাজ্যজুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। এই বিশেষ সপ্তাহকে কেন্দ্র করে পরিবেশ রক্ষার বার্তা দিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল সংকল্প ফাউন্ডেশন। জামবনী রেঞ্জের ভালুকা বিট অফিসের সহযোগিতায় একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সংকল্প ফাউন্ডেশন পরিচালিত অবৈতনিক শিক্ষাকেন্দ্র ‘উদয়ন শিক্ষা নিকেতন’-এর ছাত্রছাত্রীদের নিয়ে মা স্বর্গবাউড়ী প্রাকৃতিক উদ্যানে চারাগাছ রোপণের মাধ্যমে দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয়।
এই মহতী কর্মসূচিতে বনদপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামবনী ফরেস্ট অফিসার তাপস মাহাত। এছাড়াও সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশ্বরূপ মল্লদেব, পলাশ দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ। আয়োজনে পূর্ণ সহযোগিতা করেন মা স্বর্গবাউড়ী প্রাকৃতিক উদ্যান উন্নয়ন কমিটির সদস্যরা। কমিটির সদস্য হেমন্ত সিং, রঞ্জন হেমব্রম সহ এলাকার বহু গ্রামবাসী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সবুজ ধ্বংসের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে কচি হাতে চারাগাছ রোপণের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। বনদপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের এমন যৌথ প্রয়াস আগামী দিনে পরিবেশ রক্ষায় আরও বড় ভূমিকা নেবে বলে মনে করছেন উপস্থিত সকলে।









