ঝাড়গ্রাম, ২১ জুলাই: বাঘ দেখতে আর গাঁটের কড়ি খসিয়ে উত্তরবঙ্গ বা ভিনরাজ্যে দৌড়ানোর দরকার নেই। খাস দক্ষিণবঙ্গের বুকেই এবার শোনা যাবে দক্ষিণরায়ের দাপুটে গর্জন! শাল-পিয়ালে ঘেরা লালমাটির দেশ ঝাড়গ্রামের মুকুটে এবার যুক্ত হতে চলেছে এক নতুন পালক। শিলিগুড়ির বেঙ্গল সাফারির ধাঁচে ঝাড়গ্রামে তৈরি হচ্ছে এক বিশাল মুক্ত সাফারি পার্ক। আর এই মেগা প্রকল্পের মূল আকর্ষণ হিসেবে শিলিগুড়ি থেকে সোজা জঙ্গলমহলে নিয়ে আসা হচ্ছে ৫টি রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাবাঘ।
রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও সম্প্রতি ঝাড়গ্রামের বুকে এক হাজার একর জায়গা জুড়ে এই মেগা সাফারি পার্ক তৈরির কথা ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণার পরেই তোড়জোড় শুরু করেছে রাজ্য জু অথরিটি। শিলিগুড়ির বেঙ্গল সাফারি কর্তৃপক্ষকে ইতিমধ্যেই পাঁচটি বাঘ ও চিতাবাঘ চিহ্নিত করে তাদের স্থানান্তরের আইনি ও প্রযুক্তিগত কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য সেন্ট্রাল জু অথরিটির কাছেও আবেদন পৌঁছে গেছে। তবে শুধু বাঘ বা চিতাবাঘেই থেমে থাকছে না এই পার্ক, আগামী দিনে জীববৈচিত্র্য আরও বাড়াতে এখানে হগ ডিয়ার বা চিতল হরিণ আনারও দীর্ঘমেয়াদি পরিকল্পনা কষে ফেলেছে বন দফতর।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রজননে অভাবনীয় সাফল্যের হাত ধরে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দোয়। সেখান থেকে ইতিমধ্যেই আলিপুর, ত্রিপুরা এমনকি দার্জিলিংয়ের চিড়িয়াখানাতেও বাঘ পাঠানো হয়েছে। এবার সেই বাড়তি বন্যপ্রাণীদের কাজে লাগিয়েই সমৃদ্ধ করা হচ্ছে ঝাড়গ্রামের নতুন পার্কটিকে। ১৯৮০ সালে একেবারে ছোট পরিসরে যে ‘হরিণ উদ্যান’-এর পথচলা শুরু হয়েছিল, ২০১৪ সালে তা ‘জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক’-এর স্বীকৃতি পায়। আর এবার সেই চিড়িয়াখানাই এক হাজার একরের বিশাল মুক্ত সাফারি পার্কে রূপান্তরের পথে। বনমন্ত্রীর মতে, এই উদ্যোগের ফলে একদিকে যেমন বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত হবে, তেমনই দক্ষিণবঙ্গের ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন এবং স্থানীয় অর্থনীতিতেও এক জোয়ার আসবে। সব মিলিয়ে, জঙ্গলমহলের বুকে এবার রীতিমতো রয়্যাল চমকের অপেক্ষায় কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ!









