সিজেপি ও সোনম ওয়াংচুকের সমর্থনে শিলংয়ে পড়ুয়াদের বিশাল বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন:

নিট-ইউজি পরীক্ষায় জালিয়াতি এবং প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপি (ককরোচ জনতা পার্টি) এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনে মেঘালয়ের শিলংয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। ২০ জুলাই শিলংয়ের ডন বস্কো স্কোয়ারে জড়ো হয়ে পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা এক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এই বিক্ষোভে অংশগ্রহণকারী পড়ুয়ারা মূলত কেন্দ্র বিরোধী স্লোগান দেন এবং নিট কেলেঙ্কারির দায়ভার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। এক বিক্ষোভকারী পড়ুয়া বলেন, ভারত এমন একটি সরকার পাওয়ার যোগ্য যারা পড়ুয়াদের পাশে দাঁড়াবে, আর নিজেদের ব্যর্থতার দায় নিতে অস্বীকার করা এই রাজনীতিকদের হাতে পড়ুয়াদের ভবিষ্যৎ কোনোভাবেই সুরক্ষিত নয়। এদিনের বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “সিস্টেমের ব্যর্থতায় পড়ুয়াদের মৃত্যু হয়েছে”, “আমাদের স্বপ্ন বিক্রির জন্য নয়”, “প্রশ্নফাঁসের কারণে মারা যাওয়া পড়ুয়াদের বিচার চাই” এবং “যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই সোনম ওয়াংচুকের সঙ্গে আমরাও আছি।”

এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ম্যানুয়েল ব্যাডওয়ার জানান, তরুণ প্রজন্মের গভীর হতাশারই প্রতিফলন হলো এই বিক্ষোভ, কারণ সরকারের ভুল পদক্ষেপের জেরে আজ তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ চরম ঝুঁকির মুখে। তিনি বিরোধী দলগুলির এই ইস্যু তোলার বিষয়টিকে সমর্থন করে জানান, এই মুহূর্তে দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি নতুন দিশার প্রয়োজন। অন্যদিকে, মেঘালয়ের প্রগতিশীল সংগঠন ‘থমা ইউ রাংলি-জুকি’-র নেত্রী অ্যাঞ্জেলা রাংগাদ ক্ষোভ প্রকাশ করে জানান, এই সংকট কেবল নিট পরীক্ষার প্রশ্নফাঁসের মধ্যেই সীমাবদ্ধ নেই, রাজ্য স্তরেও এমন জালিয়াতির ঘটনা ঘটছে। তাঁর অভিযোগ, দেশের শিক্ষাব্যবস্থা ক্রমশ ব্যয়বহুল ও বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, যেখানে শিক্ষার গুণমানের কোনো বালাই নেই। এর ওপর আন্দোলনরত পড়ুয়াদের অপমান করে তাদের ‘ককরোচ’ বা আরশোলা বলে কটাক্ষ করা বর্তমান সরকারের চূড়ান্ত অবজ্ঞারই প্রমাণ বলে তিনি দাবি করেন।

Leave a Comment

আরও পড়ুন