ই-চিপহাবে মিলবে দেশীয় প্রসেস ডিজাইন কিট, সেমিকন্ডাক্টর হাব গড়তে হাত মেলাল নাইলিট ও এসসিএল

নয়াদিল্লি: ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন’-এর লক্ষ্য পূরণে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা নাইলিট এবং সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি মহালির যৌথ উদ্যোগে এবার থেকে ই-চিপহাব পোর্টালে দেশীয় ১.২ মাইক্রোমিটার প্রসেস ডিজাইন কিট পাওয়া যাবে। বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (অধীনে থাকা এই দুই স্বশাসিত সংস্থার হাত ধরাধরিতে দেশে সেমিকন্ডাক্টর ডিজাইন শিক্ষা ও উদ্ভাবন এক নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।

এই উদ্যোগের ফলে সারা দেশের পড়ুয়া, গবেষক, অধ্যাপক, স্টার্টআপ, এমএসএমই এবং শিল্পক্ষেত্রের পেশাদাররা ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন এবং প্রোটোটাইপিংয়ের জন্য দেশীয় সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন। মন্ত্রকের অর্থানুকূল্যে পরিচালিত এই প্রকল্পের অধীনে সেমিকন্ডাক্টর ডিজাইনের ওপর প্রায় ৩০ হাজার পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে নাইলিট। নিরাপদ আধার-ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে এই দেশীয় ওপেন-সোর্স ডিজাইন কিটটি ডাউনলোড করা যাবে। এর ফলে একদিকে যেমন প্রযুক্তির নিরাপদ ব্যবহার সুনিশ্চিত হবে, তেমনই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে এর বহুল প্রয়োগও বৃদ্ধি পাবে।

দেশীয় প্রযুক্তিতে সেমিকন্ডাক্টর ডিজাইন থেকে শুরু করে ফ্যাব্রিকেশন পর্যন্ত হাতেকলমে শেখার ক্ষেত্রে এটি ভারতের অন্যতম বড় উদ্যোগ। এই যৌথ প্রয়াসের ফলে ভারত আগামী দিনে সেমিকন্ডাক্টর ডিজাইন, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গেল। প্রসঙ্গত, গত ২০২৫ সালের ২৫ এপ্রিল বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণনের উপস্থিতিতে সেমিকন্ডাক্টর গবেষণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নাইলিট এবং এসসিএল মহালির মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছিল। দেশে দক্ষ কর্মী বাহিনী ও দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটাতে এই নয়া পদক্ষেপ সেই চুক্তিরই একটি সফল রূপায়ণ।

Leave a Comment

আরও পড়ুন