মেলবোর্ন, ২৪ জুলাই:
টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো এবং মর্যাদাপূর্ণ লড়াই অ্যাশেজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী এবার হতে পারে ভারতও। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়াতে ভারতের মাটিতে অ্যাশেজের কোনো একটি টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়ে তাঁরা যে যথেষ্ট আগ্রহী, তা এবার খোলাখুলিভাবেই জানিয়ে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ।
বিবিসির একটি পডকাস্টে কথা বলার সময় গ্রিনবার্গ জানান, আপাতত এই বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও, সব রকম সম্ভাবনার দরজাই তাঁরা খোলা রাখতে চান। তিনি বলেন, “ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গেও আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত। ভারতের মাটিতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আরও বেশি করে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার দারুণ সুযোগ রয়েছে। আমরা এখনই এর পরিকল্পনা করছি না, তবে এই বিষয়ে ভাবনাচিন্তা করার দরজা খোলা রয়েছে।” তিনি আরও যোগ করেন যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ক্রিকেট এখনও অত্যন্ত জনপ্রিয় এবং তাঁরা এই ধারাকে আরও শক্তিশালী করতে চান।
গ্রিনবার্গের এই মন্তব্য এমন এক সময়ে প্রকাশ্যে এল, যার মাত্র কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা চূড়ান্ত হয়েছে। চলতি বছরের শেষের দিকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস এবং পার্থ স্করচার্স।
তবে, ঠাসা ক্রীড়াসূচির মধ্যে একটি মাত্র টেস্ট ম্যাচের জন্য সময় বের করাও যে অত্যন্ত কঠিন, তা অকপটে স্বীকার করে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান। তাঁর মতে, আন্তর্জাতিক মেগা ইভেন্ট, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং দ্বিপাক্ষিক সিরিজের কারণে ৩৬৫ দিনের ক্যালেন্ডারে নতুন কোনো টুর্নামেন্টের জন্য সময় বের করাটা বিশ্ব ক্রিকেটের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ।
প্রসঙ্গক্রমে, ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া অ্যাশেজ হলো টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো দ্বৈরথ। ইতিমধ্যেই ২০২৭ সালের পুরুষ ও মহিলাদের অ্যাশেজের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে, যা ইংল্যান্ডের মাটিতে একই সঙ্গে আয়োজিত হবে। এর পাশাপাশি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের জন্য একই সময়ে প্রতিবন্ধী ক্রিকেটারদের ‘মিক্সড ডিজেবিলিটি অ্যাশেজ’-ও অনুষ্ঠিত হতে চলেছে।









