ফ্যাশন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করল অপূর্ব মাইতি।জঙ্গলমহলের সাংস্কৃতিক মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। তমাল সরকারের ব্যবস্থাপনায় এবং ‘জাগরণ কালচারাল সেন্টার’-এর উদ্যোগে ‘নিউ ফেস অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যাশন শো-২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভাবনীয় সাফল্য অর্জন করল গোপীবল্লভপুর ব্যাচের ছাত্রছাত্রীরা। এই প্রথমবার এহেন এক রাজ্যস্তরের গ্ল্যামার ও ফ্যাশন শো-তে অংশ নিয়েই বাজিমাত করেছে এই এলাকার উদীয়মান প্রতিভারা।
এই সম্মানজনক প্রতিযোগিতায় নিজের অসামান্য মেধা ও প্রতিভার সাক্ষর রেখে দ্বিতীয় স্থান অধিকার করেছে গোপীবল্লভপুরের প্রতিভাবান ছাত্র অপূর্ব মাইতি। অপূর্বের এই জয় কেবল জাগরণ কালচারাল সেন্টারের একার সাফল্য নয়, বরং এটি সমগ্র গোপীবল্লভপুর এবং গর্বের ঝাড়গ্রাম জেলার জন্য এক বিরাট প্রাপ্তি। তার এই চোখধাঁধানো কৃতিত্বে স্বভাবতই খুশির হাওয়া বইছে গোটা জঙ্গলমহল জুড়ে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গোপীবল্লভপুর-সহ সমগ্র ঝাড়গ্রাম জেলাকে সাংস্কৃতিক জগতে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। এতদিন ধরে বহু ঝড়ঝাপ্টা ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হলেও, নিজেদের মূল লক্ষ্য থেকে কখনই সরে আসেনি ‘জাগরণ’। বরং সমস্ত বাধাবিপত্তিকে জয় করে অবিচল লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। এলাকার নতুন ও সুপ্ত প্রতিভাদের তুলে ধরে একের পর এক সাফল্য অর্জনের মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিচ্ছে যে, জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকাতেও প্রতিভার কোনো খামতি নেই, প্রয়োজন শুধু সঠিক মঞ্চ এবং উপযুক্ত নির্দেশনার। আগামী দিনেও এই সংস্থা এলাকার প্রতিভাবান ছেলেমেয়েদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে বদ্ধপরিকর।









