“বাবার রাজনৈতিক আদর্শ সন্তান নাও মানতে পারে”, মন্ত্রীকন্যার নিট-প্রতিবাদে মুখ খুললেন হিমন্ত বিশ্ব শর্মা

 

গুয়াহাটি, ২৬ জুলাই:

নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে অসমের মন্ত্রী কেশব মহন্তের কন্যা দিবেষা মহন্তের সোচ্চার হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে এই ঘটনায় নিজের ক্যাবিনেট সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মেয়ের প্রতিবাদের কারণে মন্ত্রী কেশব মহন্তকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল বা আক্রমণ করা একেবারেই অনুচিত, কারণ সন্তান প্রাপ্তবয়স্ক হলে তারা বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ নাও করতে পারে।

গত বৃহস্পতিবার গুয়াহাটিতে নিট কাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সিজেপি-র বিক্ষোভে অংশ নেন অসম গণ পরিষদের শীর্ষ নেতা তথা রাজ্য সরকারের মন্ত্রী কেশব মহন্তের কন্যা দিবেষা। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে স্লোগান তোলেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “মেয়ের প্রতিবাদের জন্য কেশব মহন্তকে আক্রমণ করা বা ট্রোল করা ঠিক নয়। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের নিজস্ব মতামত থাকতে পারে। কাল যদি আমার ছেলে ওকালতি শুরু করে এমন কারও পক্ষে সওয়াল করে যাকে আমি পছন্দ করি না, তবে তার জন্য তো আমাকে দায়ী করা যায় না। সন্তানদের প্রতিটা পদক্ষেপকে পিতামাতার সঙ্গে জোড়া অনুচিত।”

মুখ্যমন্ত্রী আরও জানান যে, দিবেষা যে সমস্ত স্লোগান তুলেছেন সেগুলির সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে একমত নন। ভবিষ্যতে দিবেষার সঙ্গে দেখা হলে তিনি এই বিষয়ে কথা বলবেন এবং বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন। তবে এই ঘটনায় মন্ত্রী কেশব মহন্তের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

আরও পড়ুন