সাঁওতালি বিধায়কের হাতেই শিবমন্দিরের উদ্বোধন, জঙ্গলমহলে সর্বধর্ম সমন্বয়ের অনন্য বার্তা

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:

জঙ্গলমহলের মাটিতে আবারও ধরা পড়ল সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল ছবি। ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভার ভাটাডু গ্রামে নবনির্মিত শিবমন্দিরের উদ্বোধন করলেন বিনপুরের সাঁওতালি বিধায়ক ড. প্রণব টুডু। ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের বিভাজনকে অতিক্রম করে এই উদ্বোধন ঘিরে গ্রামবাসীদের মধ্যে ছিল উৎসবের আবহ। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, পঞ্চায়েত প্রতিনিধি এবং বহু ভক্ত।

শিবমন্দির উদ্বোধনের পর বিধায়ক ড. প্রণত টুডু মন্দিরে পূজার্চনায় অংশ নেন এবং এলাকার মানুষের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নতি কামনা করেন। মন্দির প্রাঙ্গণে সমবেত মানুষের উদ্দেশে তিনি বলেন, জঙ্গলমহলের সংস্কৃতি বরাবরই মিলন ও সহাবস্থানের সংস্কৃতি। এখানে বিভিন্ন ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের মানুষ পরস্পরের উৎসব-অনুষ্ঠানে অংশ নেন। সেই ঐতিহ্যকেই আরও শক্তিশালী করাই সকলের দায়িত্ব।

স্থানীয়দের বক্তব্য, আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে এ ধরনের অনুষ্ঠান নতুন কিছু নয়। বহুদিন ধরেই এখানে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্য রয়েছে। সাঁওতালি সম্প্রদায়ের একজন জনপ্রতিনিধির হাতে হিন্দু শিবমন্দিরের উদ্বোধন সেই ঐতিহ্যকেই আরও একবার সামনে এনে দিল।

গ্রামবাসীদের মতে, এই অনুষ্ঠান কেবল একটি মন্দির উদ্বোধন নয়, বরং ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং জঙ্গলমহলের বহুত্ববাদী সংস্কৃতির এক বাস্তব প্রতীক। বর্তমান সময়ে, যখন বিভিন্ন ক্ষেত্রে বিভেদের আলোচনা সামনে আসে, তখন ভাটাডু গ্রামের এই উদ্যোগ সম্প্রীতি ও সহাবস্থানের এক ইতিবাচক বার্তা বহন করছে।

মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দিনভর ধর্মীয় আচার, পূজা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের সমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের আশা, নবনির্মিত এই শিবমন্দির ভবিষ্যতে শুধু ধর্মীয় উপাসনার কেন্দ্রই নয়, গ্রামীণ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও অন্যতম মিলনস্থল হয়ে উঠবে।

Leave a Comment

আরও পড়ুন