প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জে চাপে বিজেপি, বাঁকিপুরে প্রচারে নামানো হল নীতীশ কুমারকে

পাটনা: বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে লড়াই যত গড়াচ্ছে, ততই ঘুঁটি সাজাচ্ছে সব রাজনৈতিক দল। বিজেপির অন্যতম ‘সেফ সিট’ বা নিরাপদ আসন হিসেবে পরিচিত এই কেন্দ্রে এবার দলের প্রার্থী নীরজ কুমার সিনহার সমর্থনে প্রচারে নামলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেডিইউ সুপ্রিমোর এই প্রচার আসলে প্রমাণ করে দিচ্ছে যে, জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের জোরদার চ্যালেঞ্জ এবং আরজেডি-র আগ্রাসী প্রচারের জেরে এই উপনির্বাচনকে আর হালকাভাবে নিচ্ছে না এনডিএ।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় নীতীশ কুমার বাঁকিপুরবাসীদের উদ্দেশে বলেন, “আপনাদের ভরসা, সহযোগিতা এবং আশীর্বাদ নিয়েই গত দু’দশক ধরে সুশাসনের লক্ষ্যে কাজ করে আসছি। উন্নত বিহার গঠনের যে সংকল্প আমরা নিয়েছি, তা পূরণ করতে আপনাদের প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান।” ওই ভিডিওতে তিনি এনডিএ প্রার্থী নীরজ কুমার সিনহাকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, বাঁকিপুরের পাঁচবারের বিজেপি বিধায়ক নীতিন নবীন রাজ্যসভার সাংসদ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর এই কেন্দ্রটি থেকে ইস্তফা দেন। তারপর থেকেই উপনির্বাচনের দামামা বেজে উঠেছে। আর এবার সেই আসরে নীতিন নবীন নিজে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর পাশাপাশি নীতীশ কুমারকে নামিয়ে কার্যত সর্বশক্তি প্রয়োগ করল বিজেপি।

অন্যদিকে, প্রশান্ত কিশোরের আগমনে বাঁকিপুরের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। নির্বাচন কমিশনের ঘোষণার অনেক আগে থেকেই তিনি এলাকায় জনসংযোগ ও প্রচার শুরু করে দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে তাঁর দল জন সুরাজ একটিও আসন না পাওয়ায়, এবার এই কেন্দ্রটি থেকে নিজেদের ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবে দেখছেন প্রাক্তন এই ভোটকুশলী। বর্তমান বিজেপি সরকারের দুর্নীতি, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর কড়া সমালোচনাও করেছেন তিনি। এদিকে, প্রার্থী বদল নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে। প্রথমে অভিষেক কুমার ‘বান্টি’কে প্রার্থী করা হলেও, পরে তাঁর জায়গায় নীরজ কুমার সিনহাকে দাঁড় করানো হয়। এর পাশাপাশি, তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডিও তাদের প্রার্থী রেখা গুপ্তার হয়ে জোরদার প্রচার চালাচ্ছে। সম্প্রতি বিহারে ছাত্র বিক্ষোভ ও পুলিশের লাঠিচার্জকে ইস্যু করে শাসক জোটকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। সব মিলিয়ে, বিজেপির গড় হিসেবে পরিচিত বাঁকিপুরে এবার প্রশান্ত কিশোরই প্রধান চ্যালেঞ্জার হয়ে উঠেছেন এবং লড়াইটা যে সেয়ানে সেয়ানে হবে তা কার্যত স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক নেতারা।

Leave a Comment

আরও পড়ুন