‘আল্লাই নির্দেশ দিয়েছেন’, প্যারিসে ছুরি হামলায় গুরুতর জখম ২ মহিলা

প্যারিস: ভরদুপুরে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটল ফ্রান্সের রাজধানী প্যারিসে। সোমবার উত্তর-পশ্চিম প্যারিসের রাস্তায় এক ব্যক্তির এলোপাথাড়ি ছুরির আঘাতে তিন মহিলা আহত হয়েছেন। জানা গিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে হামলার পরই এক অফ-ডিউটি পুলিশকর্মীর তৎপরতায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ জোড়া ছুরি (কিচেন নাইফ) হাতে নিয়ে রাস্তায় পথচারীদের ওপর হামলা চালায় ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, মাটিতে আটকে রাখা অবস্থায় ওই হামলাকারী বলছে, “আল্লাই আমাকে এই নির্দেশ দিয়েছেন।” তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ল্যঁরা নুনেজ জানিয়েছেন, ধৃত ব্যক্তি সম্পূর্ণ অসংলগ্ন কথাবার্তা বলছিল এবং নিজের যে পরিচয় সে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাই এই চরম হিংসাত্মক ঘটনার আসল উদ্দেশ্য সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে নিষেধ করেছেন তিনি। বর্তমানে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ফ্রান্সের জাতীয় সন্ত্রাস-দমন প্রসিকিউটর অফিস।

উল্লেখ্য, প্যারিসের এই ঘটনার ঠিক আগেই সপ্তাহান্তে জার্মানিতেও এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার বার্লিনে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার পাশাপাশি পথচারীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় এক মহিলার মৃত্যু হয় এবং ২৯ জন আহত হন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে ‘ইসলামি সন্ত্রাসবাদী হামলা’ বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। বার্লিনের সেই রেশ কাটতে না কাটতেই এবার প্যারিসের এই ঘটনা ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।

Leave a Comment

আরও পড়ুন