কৃত্রিম সূর্য তৈরিতে আরও এক ধাপ, ৫৮২ টনের বিশ্বের বৃহত্তম চুম্বক তৈরি চিনের

কৃত্রিম সূর্য প্রকল্পের জন্য বিশ্বের বৃহত্তম সুপারকন্ডাক্টিং ফিউশন চুম্বকের সফল পরীক্ষা করল চিন। ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি ব্যবহারের যে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এই সাফল্য তাকে আরও মজবুত করল।

 

সুনীপম মহাকুল: পারমাণবিক সংযোজন বা নিউক্লিয় ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কার্যত সীমাহীন ও দূষণমুক্ত শক্তি উৎপাদনের লক্ষ্যে আরও এক ধাপ এগোল চিন। সফল ভাবে বিশ্বের বৃহত্তম সুপারকন্ডাক্টিং ফিউশন চুম্বক তৈরি এবং তার পরীক্ষা সম্পন্ন করেছে তারা। কৃত্রিম সূর্য তৈরির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ২০৩০ সালের মধ্যে ফিউশন পদ্ধতি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের যে রূপরেখা বা রোডম্যাপ বেজিং তৈরি করেছে, এই সাফল্য সেই পথকে আরও প্রশস্ত করল। বিজ্ঞানীদের মতে, কার্বন-মুক্ত শক্তির এই চূড়ান্ত উৎস ব্যবহারের দৌড়ে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে নিজেদের জায়গা আরও পাকা করে ফেলল চিন।

চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর অধীনে থাকা ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স এই নবনির্মিত টরয়েডাল ফিল্ড সুপারকন্ডাক্টিং চুম্বকটি তৈরি করেছে। এটি মূলত ‘D’ (ডি) আকৃতির একটি অতিকায় কাঠামো, যার দৈর্ঘ্য ২১ মিটার, চওড়ায় ১২ মিটার এবং ওজন ৫৮২ টন।

কী এই কৃত্রিম সূর্য?

কৃত্রিম সূর্য আদতে একটি নিউক্লিয় ফিউশন চুল্লি (রিঅ্যাক্টর), যা আমাদের সৌরজগতের কেন্দ্রে চলা শক্তি উৎপাদন প্রক্রিয়ারই পুনরাবৃত্তি ঘটায়। এখানে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণুর সংযোজন বা ফিউশন ঘটানো হয়। এর ফলে কার্বন ডাই অক্সাইড উৎপাদন ছাড়াই বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে এটি বিশ্বের কাছে সীমাহীন, দূষণমুক্ত এবং নিরাপদ বিদ্যুতের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে।

কী ভাবে বিশ্বের বৃহত্তম চুম্বক তৈরি করল চিন?

গবেষকদের দাবি, এখনও পর্যন্ত তৈরি হওয়া ফিউশন চুল্লির সুপারকন্ডাক্টিং চুম্বকগুলির মধ্যে এটিই বৃহত্তম। বিশ্বের বৃহত্তম ফিউশন প্রকল্প ‘ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর’ (ITER)-এর জন্য তৈরি চুম্বকগুলির তুলনায় চিনের এই চুম্বকটির আয়তন ১.৩ গুণ বড় এবং এর শক্তি সঞ্চয় ক্ষমতা প্রায় তিন গুণ বেশি।

এই চুম্বকটির মূল কাজ হল একটি অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা, যা চুল্লির ভিতরে থাকা প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অতি-উত্তপ্ত গ্যাসীয় প্লাজমাকে আটকে রাখে এবং কোনও ভাবেই চুল্লির দেয়াল স্পর্শ করতে দেয় না। অতিকায় এই চুম্বকের পাশাপাশি, গবেষকরা উচ্চ-তাপমাত্রার একটি সুপারকন্ডাক্টিং সেন্ট্রাল সোলেনয়েড কয়েলও সফল ভাবে পরীক্ষা করেছেন, যাকে ফিউশন চুল্লির ‘হৃৎপিণ্ড’ বলা হয়ে থাকে। গাড়ির ইঞ্জিনের স্পার্ক প্লাগের মতো এটি ফিউশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় প্লাজমাকে প্রজ্বলিত করতে এবং তা বজায় রাখতে সাহায্য করে।

চিনের দাবি, এই দু’টি প্রযুক্তিই সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ও উৎপাদন পরিকাঠামো ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থাৎ, ফিউশন প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য আর বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভর করতে হবে না তাদের। গবেষক দলের মতে, ছয় বছর দীর্ঘ এই কর্মসূচির ফলে ৪৭টি পেটেন্ট এবং ২৫টি শিল্প মানদণ্ড (ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড) অর্জিত হয়েছে।

এই চুম্বকটি তৈরির জন্য প্রয়োজন ছিল অসাধারণ ইঞ্জিনিয়ারিং দক্ষতা। কারণ মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চরম তাপমাত্রায় এটিকে টানা ৬০ বছর ধরে নির্ভরযোগ্য ভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে অত্যন্ত উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ, তীব্র বিকিরণ এবং যান্ত্রিক চাপও সহ্য করতে হবে। ইঞ্জিনিয়াররা অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়েন্টগুলিতে বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স প্রায় শূন্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। এর ফলে শক্তির কার্যত কোনও অপচয় ছাড়াই এক লক্ষ অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, যা বাণিজ্যিক ফিউশন চুল্লির জন্য একান্ত অপরিহার্য একটি শর্ত।

চলতি বছরের শুরুর দিকে চিনের ‘এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক’ বা চিনের ‘কৃত্রিম সূর্য’ এক বিশ্বরেকর্ড গড়েছিল। তারা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমাকে ১,০৬৬ সেকেন্ড ধরে ধরে রাখতে সক্ষম হয়েছিল। বাণিজ্যিক ফিউশনের জন্য ইতিমধ্যেই তিন-স্তরের একটি রূপরেখা প্রকাশ করেছে চিন। ২০২৭ সালের মধ্যে ‘বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপারকন্ডাক্টিং টোকামাক’-এর কাজ শেষ হওয়ার কথা। এর পর ২০৩০ সাল নাগাদ প্রথম ফিউশন বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হল ‘চায়না ফিউশন ইঞ্জিনিয়ারিং ডেমোনস্ট্রেশন রিঅ্যাক্টর’ তৈরি করা, যা হতে পারে বিশ্বের প্রথম ফিউশন ডেমোনস্ট্রেশন পাওয়ার স্টেশন।

যদিও গবেষকরা সতর্ক করেছেন যে, চুল্লি সম্পূর্ণ ভাবে প্রস্তুত করা, দীর্ঘমেয়াদি পরীক্ষা এবং এই প্রযুক্তি যে শক্তি খরচ করে তার চেয়ে বেশি শক্তি নির্ভরযোগ্য ভাবে উৎপাদন করতে পারে তা প্রমাণ করার মতো বড়সড় চ্যালেঞ্জ এখনও বাকি। তবে বিজ্ঞানীরা এ কথাও মনে করেন যে, এই ধরনের প্রতিটি প্রযুক্তিগত অগ্রগতি সীমাহীন ও কার্বন-মুক্ত শক্তির স্বপ্নকে বাস্তবের আরও এক ধাপ কাছে নিয়ে আসছে।

Leave a Comment

আরও পড়ুন