সুনীপম মহাকুল, নয়াগ্রাম:দারিদ্র্যের চরম অভিশাপ আর একরাশ বঞ্চনা নিয়েই চিরতরে চোখ বুজেছেন নয়াগ্রামের বড়নিগুই গ্রাম পঞ্চায়েতের বরসল গ্রামের বাসিন্দা স্বর্ণ কালিন্দী। নিজেরই জীর্ণ কাঁচা বাড়ির মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে মাথার উপর একটি পাকা ছাদ ছিল তাঁর কাছে অধরা স্বপ্ন। সরকারি আবাস যোজনার ফর্মটুকু কীভাবে পূরণ করতে হয়, তা জানা ছিল না হতদরিদ্র এই মহিলার। আর সেই ‘অপরাধেই’ কি সরকারি প্রকল্পের অধিকার থেকে আজীবন বঞ্চিত থাকতে হয়েছিল তাঁকে? রবিবার ‘সকালের শিরোনাম’-এ এই অসহায়তার খবর তুলে ধরা হতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে। অবশেষে খবরের জেরে কুম্ভকর্ণের ঘুম ভাঙল প্রশাসনের।
রবিবার ‘সকালের শিরোনাম’-এ বরসল গ্রামের এই মর্মান্তিক বাস্তব চিত্র এবং প্রান্তিক মানুষের বঞ্চনার কাহিনি সবিস্তারে তুলে ধরা হয়েছিল। সেই খবর পৌঁছয় খোদ জেলা শাসকের দপ্তরে। সংবাদমাধ্যমের পর্দায় এই চরম অমানবিক চিত্র দেখে কালবিলম্ব করেননি জেলা শাসক। তাঁর কড়া নির্দেশ আসতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। যে গ্রামে এতদিন সরকারি প্রকল্পের আলো ঠিকমতো পৌঁছয়নি, সোমবার সকালে সেই বরসল গ্রামেই দেখা গেল অভাবনীয় প্রশাসনিক তৎপরতা। এদিন অতি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান নয়াগ্রামের বিডিও শান্তনু সরকার এবং নয়াগ্রাম থানার আইসি রামনারায়ণ পাল। সর্বোপরি পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে হাজির হন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর স্বয়ং,
সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এদিন থেকেই গ্রামে শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক সমীক্ষার বা সার্ভের কাজ। যে সরকারি কর্মীরা এতদিন সেভাবে নজর দেননি, এদিন তাঁদেরই দেখা গেল গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। আবাস যোজনার সুবিধা পেতে গেলে যে ধরনের পারিবারিক ও জনতাত্ত্বিক তথ্য প্রয়োজন হয়, তা দ্রুত নথিভুক্ত করার কাজ শুরু করেছেন তাঁরা। লক্ষ্য একটাই, স্বর্ণ কালিন্দীর মতো আর কাউকে যাতে এমন মর্মান্তিক পরিণতির শিকার না হতে হয় এবং দীর্ঘকাল ধরে বঞ্চিত থাকা গ্রামবাসীরা যাতে দ্রুত সরকারি ঘরের মুখ দেখেন।
‘সকালের শিরোনাম’-এর এই খবরের জেরে বরসল গ্রামে এখন আশার আলো দেখছেন সাধারণ মানুষ। তবে, প্রশাসনিক এই তৎপরতার মাঝেই গ্রামের বাতাসে ঘুরপাক খাচ্ছে এক গভীর আক্ষেপ— এই ঘুমটা যদি আরেকটু আগে ভাঙত! তবে হয়তো একটা প্রাণ এভাবে মাটির তলায় চাপা পড়ে হারিয়ে যেত না। একটি মর্মান্তিক মৃত্যুর বিনিময়ে পাওয়া এই তৎপরতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রান্তিক মানুষের বেঁচে থাকার নিত্যদিনের লড়াই এবং প্রশাসনের একাংশের উদাসীনতার প্রকৃত চিত্রটি। তবে দেরিতে হলেও, ‘সকালের শিরোনাম’-এর হাত ধরে যে প্রশাসনিক বদল এল, তাতে অন্তত আগামী দিনে আর কোনও স্বর্ণ কালিন্দীকে হয়তো এভাবে বেঘোরে প্রাণ হারাতে হবে না।









