ব্রিটিশ আমলের হেড কোয়ার্টার ও নীলকুঠি, নষ্ট হচ্ছে দুষ্প্রাপ্য বইপত্র

ঝাড়গ্রাম, ১লা আগস্ট:

ঝাড়গ্রাম জেলার সর্ডিহাতে অবস্থিত ব্রিটিশ আমলের ঐতিহাসিক হেড কোয়ার্টার এবং নীলকুঠির ধ্বংসাবশেষ বর্তমানে চরম অবহেলার শিকার। একসময় এই স্থানে ব্রিটিশদের প্রশাসনিক কাজ পরিচালনার পাশাপাশি তাঁদের ঘোড়া রাখার জায়গাও ছিল। কালের নিয়মে সেই ভবনগুলির অনেকাংশই আজ ধ্বংসের মুখে। জানা গিয়েছে, ১৯৬৮ সাল নাগাদ এই ঐতিহাসিক ভবনেরই একটি কক্ষে একটি লাইব্রেরি চালু করা হয়েছিল। কিন্তু দীর্ঘকাল ধরে উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে সেই লাইব্রেরির ভেতরে থাকা বহু মূল্যবান এবং দুষ্প্রাপ্য বইপত্র আজ নষ্ট হতে বসেছে। স্থানীয় বাসিন্দারা এবং ইতিহাসপ্রেমীরা দীর্ঘদিন ধরেই এই স্থানটিকে ‘হেরিটেজ’ বা ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের চরম উদাসীনতার কারণে সেই দাবি আজও পূরণ হয়নি। সংরক্ষণের অভাবে এই ব্রিটিশ হেড কোয়ার্টারটি তার ঐতিহাসিক গুরুত্ব হারাতে বসেছে বলে আক্ষেপ করছেন স্থানীয়রা। অবিলম্বে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে একসময় ঝাড়গ্রামের মানচিত্র থেকে এই ঐতিহাসিক নিদর্শনটি চিরতরে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

Leave a Comment

আরও পড়ুন