নয়াদিল্লি, ১লা আগস্ট: গত ২৮শে জুন ২০২৬ তারিখে ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৫তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি বৃষ্টির জল সংরক্ষণের আহ্বানের পর, ওড়িশা ‘ক্যাচ দ্য রেইন ২০২৬’ প্রচারের অধীনে তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছে। এই কর্মসূচির মাধ্যমে জনসচেতনতাকে জল সংরক্ষণের বাস্তব ফলাফলে রূপান্তরিত করা হচ্ছে এবং বৃষ্টির জল সংগ্রহ, ভূগর্ভস্থ জল রিচার্জ, ঐতিহ্যবাহী জলাশয়গুলির পুনরুদ্ধার ও নাগরিকদের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে।
ওড়িশা এই প্রচারের জন্য এমন একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে যা সম্প্রদায়ের প্রসার, আচরণগত পরিবর্তন, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ এবং জল সংরক্ষণ সম্পদ তৈরিকে একত্রিত করে। রাজ্যজুড়ে ৯৬৮টি তথ্য, শিক্ষা এবং যোগাযোগ (আইইসি) কার্যক্রমের মাধ্যমে একটি বিস্তৃত জনসচেতনতা অভিযান চালানো হয়েছিল, যার মধ্যে পথনাটিকা, লোক পরিবেশনা এবং বৃষ্টির জল সংগ্রহ ও ভূগর্ভস্থ জল সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক প্রচার অন্তর্ভুক্ত ছিল। এই কার্যক্রমগুলি একাধিক জেলা জুড়ে পরিচালিত হয়েছিল, যেখানে খোর্দা জেলায় সর্বাধিক ২৩০টি আইইসি কার্যক্রম রেকর্ড করা হয়েছে। এরপর রয়েছে অনুগুল (১২৪); কটক, কেন্দ্রাপড়া, জাজপুর, সুন্দরগড়, ঝাড়সুগুদা, নবরঙ্গপুর এবং সুবর্ণপুর (প্রত্যেকটিতে ৬২টি); ময়ূরভঞ্জ (৬০); নয়াগড় ও পুরী (প্রত্যেকটিতে ৫০টি) এবং গঞ্জাম (২০)। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই প্রচারের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে, যেখানে শিক্ষার্থীদের ভূগর্ভস্থ জলের বিজ্ঞান এবং বৃষ্টির জল সংগ্রহ ব্যবস্থা সম্পর্কে অবগত করা হচ্ছে।
সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাজ্যজুড়ে মোট ৯০৫টি বৃষ্টির জল সংগ্রহ এবং ভূগর্ভস্থ জল রিচার্জ পরিকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৮৪৯টি রুফটপ রেইনওয়াটার হার্ভেস্টিং (আরআরডব্লিউএইচ) কাঠামো রয়েছে, যার ২১টি সরকারি ভবনে এবং ৮২৮টি বেসরকারি ভবনে স্থাপিত হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির জন্য ৫৬টি রিচার্জ শ্যাফ্টও তৈরি করা হয়েছে। জেলাভিত্তিক সাফল্যের ক্ষেত্রে গঞ্জামে ৩৩০টি, খোর্দায় ১২১টি, ময়ূরভঞ্জে ৯৪টি, কটকে ৬২টি, সম্বলপুরে ৫৪টি, সুন্দরগড়ে ৫৩টি, কেন্দ্রাপড়ায় ৪৮টি, ঝাড়সুগুদায় ২৫টি, বরগড়ে ১৬টি, পুরীতে ১৩টি, নয়াগড়ে ১২টি, অনুগুলে ১০টি, নবরঙ্গপুরে ৭টি এবং বলাঙ্গিরে ৪টি আরআরডব্লিউএইচ কাঠামো নির্মিত হয়েছে। এর পাশাপাশি জাজপুরে ৪৫টি, কেন্দ্রাপড়ায় ১০টি এবং সুন্দরগড়ে ১টি রিচার্জ শ্যাফ্ট তৈরি করা হয়েছে।
নতুন রিচার্জ পরিকাঠামো তৈরির পাশাপাশি, ওড়িশা সরকার ঐতিহ্যবাহী জলাশয়গুলির পুনরুদ্ধারের ওপরও বিশেষ জোর দিয়েছে। রাজ্য পরিকল্পনার ‘ইমপ্রুভমেন্ট টু ট্যাঙ্কস অ্যান্ড মাইনর ইরিগেশন প্রজেক্টস স্কিম’-এর অধীনে রাজ্যের সমস্ত ৩০টি জেলা জুড়ে ৯৮টি ট্যাঙ্ক বা জলাশয় সংস্কার ও পলি তোলার জন্য গ্রহণ করা হয়েছে। এই জলাশয়গুলির পুনরুদ্ধার তাদের জল ধারণ ক্ষমতা বাড়াচ্ছে, সেচ কাজে সহায়তা করছে এবং ভূগর্ভস্থ জল রিচার্জে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া সেচ প্রকল্প, ভূগর্ভস্থ জল দফতর এবং জল পরিকাঠামোগুলির আশেপাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা মাটির স্থিতিশীলতা উন্নত করতে এবং ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করছে। এই উদ্যোগগুলি প্রমাণ করে যে স্থানীয় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কীভাবে বৃষ্টির জলকে দীর্ঘমেয়াদী সম্পদে পরিণত করে জল নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।









