সুনীপম মহাকুল: কড়া ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ওজন কমানোর পর পুনরায় তা দ্রুত বেড়ে যাওয়া কোনো ব্যক্তির মানসিক ইচ্ছাশক্তি বা নিয়মানুবর্তিতার অভাব নয়, বরং এর পেছনে রয়েছে মানব মস্তিষ্কের এক বিশেষ জৈবিক গঠন বা ‘ব্রেন বায়োলজি’। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মানুষের মস্তিষ্ক শরীরের মেদ ও শক্তি সঞ্চয় বজায় রাখতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, যার ফলে দীর্ঘমেয়াদে ওজন কম রাখা অনেকের জন্যই অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত একটি নিবন্ধ অনুযায়ী, খাদ্যসংকটের সময় শরীরের শক্তির ভারসাম্য রক্ষা করার লক্ষ্যেই আদিমকাল থেকে মানব মস্তিষ্কের এই বিবর্তন ঘটেছিল। কিন্তু আধুনিক যুগে যেখানে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সহজেই লভ্য এবং শারীরিক পরিশ্রমের সুযোগ সীমিত, সেখানে মস্তিষ্কের এই প্রতিরক্ষামূলক ব্যবস্থাই ওজন ধরে রাখার বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। গবেষণায় দেখা গেছে, ওজন কমানোর চেষ্টা শুরু হলেই শরীর সেটিকে বেঁচে থাকার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করে এবং চর্বি ধরে রাখতে খিদে বাড়িয়ে দেয়, খাবারের প্রতি তীব্র আকর্ষণ তৈরি করে এবং শরীরের শক্তি ব্যয় বা মেটাবলিজম কমিয়ে দেয়।
গবেষকদের দাবি, মানুষের মস্তিষ্ক কোনো ব্যক্তির অতীতের সর্বাধিক ওজনকে ‘মনে রাখতে’ বা স্মৃতিতে ধরে রাখতে পারে। কোনো ব্যক্তির শরীর একবার উচ্চ ওজনে পৌঁছে গেলে মস্তিষ্ক সেটিকে তার স্বাভাবিক বা পছন্দের অবস্থা হিসেবে ধরে নেয় এবং ডায়েট বন্ধ হলেই শরীরকে পুনরায় সেই উচ্চ ওজনে ফিরিয়ে নিয়ে যেতে নানা বায়োলজিক্যাল সঙ্কেত পাঠায়। সাম্প্রতিক সময়ে ওজন কমানোর ক্ষেত্রে জনপ্রিয় হওয়া ‘ওয়েগোভি’ বা ‘মাউনজারো’-র মতো ওষুধগুলি পাকস্থলীর হরমোনের অনুকরণে মস্তিষ্ককে খিদে কমানোর বার্তা পাঠালেও তা সবার জন্য সমান কার্যকরী নয়। অনেক ক্ষেত্রে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় এবং চিকিৎসা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মস্তিষ্ক পুনরায় মেদ সঞ্চয়ের সঙ্কেত পাঠানো শুরু করায় ওজন আগের জায়গায় ফিরে আসে। ফলে নিউরোসায়েন্স ও মেটাবলিজম সংক্রান্ত নিত্যনতুন গবেষণার মাধ্যমে এমন চিকিৎসার সন্ধান চলছে, যা ওষুধ বন্ধের পরও মস্তিষ্কের এই ওজন ফিরিয়ে আনার প্রবণতাকে প্রতিরোধ করতে পারে।
তবে গবেষকরা স্পষ্ট জানিয়েছেন, কেবল শরীরের ওজনকে দিয়ে সার্বিক স্বাস্থ্য বিচার করা অনুচিত। ওজন উল্লেখযোগ্যভাবে না কমলেও নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম, সুষম আহার এবং মানসিক সুস্থতা হৃদযন্ত্র ও মেটাবলিক স্বাস্থ্যকে চমৎকার রাখতে সাহায্য করে। পাশাপাশি স্থূলতা বা ওজনের সমস্যাকে কোনো ব্যক্তির একক দায় হিসেবে না দেখে সার্বিক জনস্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ হিসেবে দেখার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এই সমস্যা নিয়ন্ত্রণে স্কুলের খাবারে পুষ্টি বৃদ্ধি, শিশুদের কাছে অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনে রাশ টানা, হাঁটাচলা ও সাইকেল চালানোর মতো পরিকাঠামো গড়ে তোলা এবং রেস্তোরাঁর খাবারের পরিমাপ নির্দিষ্ট করার মতো পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গর্ভাবস্থা থেকে শুরু করে সাত বছর বয়স পর্যন্ত সময়কালকে মানবদেহের ওজন নিয়ন্ত্রক ব্যবস্থার অত্যন্ত সংবেদনশীল সময় বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা, যেখানে বাবা-মায়ের পুষ্টি ও শিশুর প্রাথমিক জীবনযাত্রা ভবিষ্যতে মস্তিষ্কের খাবার গ্রহণের আচরণ নির্ধারণ করে। সামগ্রিকভাবে স্থূলতাকে মস্তিষ্ক, জিন এবং সামাজিক পরিবেশের সমন্বয়ে তৈরি এক জৈবিক অবস্থা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।









