নতুন দিল্লি, ২রা আগস্ট:
ভারতে পরিবেশবান্ধব ও টেকসই আইস স্পোর্টসের নতুন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে সুইজারল্যান্ডের ‘গ্রিন হকি এজি’ এবং ‘গ্রিন হকি ওশেনিয়া, ইন্ডিয়া’-র মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ১লা আগস্ট নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া ও স্থায়িত্ব সম্মেলন (ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যান্ড সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৬)-এ এই গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়। প্রচলিত আইস রিং তৈরিতে প্রচুর পরিমাণ জল ও বিদ্যুতের যে অপচয় হয়, তা দূর করতে সুইজারল্যান্ডের কৃত্রিম বরফ ও বিশেষ প্রযুক্তির সাহায্যে ভারতে সারা বছর আইস হকি ও স্কেটিং অনুশীলনের সুবিধা তৈরি করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত হরিয়ানার ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম এবং স্থানীয় স্বায়ত্তশাসন মন্ত্রী বিপুল গোয়াল রাজ্যে গ্রিন হকি পরিকাঠামো ও প্রস্তুতকারক কেন্দ্র গড়ে তুলতে পূর্ণ সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া অভিনেতা সুধাংশু পান্ডে, গ্রিন হকি ওশেনিয়ার সহ-প্রতিষ্ঠাতা গৌরব যাদব ও নিতিন কুমার এবং গ্রিন হকি এজি-র সহ-সিইও রিকার্ডো সিগনোরেল এই সম্মেলনের মধ্য দিয়ে স্পোর্টস ও পরিবেশবান্ধব প্রযুক্তির মেলবন্ধনের গুরুত্ব তুলে ধরেন, যা ভারতের যুব সমাজকে শীতকালীন ক্রীড়ায় নতুন সুযোগ এনে দেবে।









