নয়াদিল্লি, ২রা আগস্ট:
দেশের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন পুনর্নিশ্চিত করতে এবং সামরিক কর্মীদের সম্মান জানানোর ক্ষেত্রে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার লক্ষ্যে রবিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্ট থেকে ভার্চুয়ালি ‘প্রেসিডেন্টস বডিগার্ডস’ (পিবিজি) সোলজারথন-এর আনুষ্ঠানিক সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরামের রাজ্যপাল তথা এই উদ্যোগের পৃষ্ঠপোষক জেনারেল (ডঃ) ভি.কে. সিং (অবসরপ্রাপ্ত)। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রপতির হাত দিয়ে একটি বিশেষ পোস্টাল কভারও প্রকাশ করা হয়। মূল দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে। “সাপোর্টিং রিয়েল হিরোজ – দ্য আর্মড ফোর্সেস অফ ইন্ডিয়া” থিমের অধীনে আয়োজিত এই সোলজারথন-এর মূল লক্ষ্য হলো “রান ফর সোলজার্স, রান উইথ সোলজার্স” দৃষ্টিভঙ্গির মাধ্যমে সাধারণ নাগরিক এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা। ভারতের বীর সৈনিকদের নিষ্ঠা, সাহস এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর প্রতি তাঁদের সংহতি প্রকাশ করতে উৎসাহিত করাই এই মেগা ইভেন্টের অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন বয়সের এবং ভিন্ন ভিন্ন শারীরিক সক্ষমতার মানুষদের অংশগ্রহণের সুবিধার্থে এই সোলজারথন-এ ৩ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ১০ কিলোমিটার – এই তিনটি বিভাগের দৌড়ের আয়োজন করা হয়েছিল। রাষ্ট্রপতির সচিবালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সোলজারথন থেকে সংগৃহীত অর্থ সশস্ত্র বাহিনীর প্যারাপ্লেজিক রিহ্যাবিলিটেশন সেন্টার, যুদ্ধে হতাহতদের পরিজনদের কল্যাণ এবং সৈনিকদের জন্য অন্যান্য জনকল্যাণমূলক পদক্ষেপে ব্যবহার করা হবে। এছাড়াও পিবিজি সোলজারথন-এর এই উদ্যোগ প্রেসিডেন্টস বডিগার্ড-এর ঘোড়া এবং সৈন্যদেরও বিশেষভাবে সহায়তা করবে বলে জানা গিয়েছে।









